সিটি করপোরেশন নির্বাচন: ঢাকার দুই সিটির নির্বাচনে প্রতীক বরাদ্দ
আনিসুল টেবিল ঘড়ি, তাবিথ বাস আব্বাস মগ, খোকন ইলিশ মাছ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদপ্রার্থী আনিসুল হক টেবিল ঘড়ি এবং তাবিথ আউয়াল বাস প্রতীক বরাদ্দ পেয়েছেন। দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন ইলিশ মাছ এবং মির্জা আব্বাস উদ্দিন আহমেদ পেয়েছেন মগ প্রতীক।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির দুই রিটার্নিং কর্মকর্তা গতকাল শুক্রবার মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। সকালে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ-সমর্থিত সাঈদ খোকন, বিএনপি-সমর্থিত মির্জা আব্বাসসহ ১৬ মেয়র পদপ্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয় মহানগর নাট্যমঞ্চে। রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। সাঈদ খোকনসহ ছয়জন ইলিশ মাছ প্রতীক দাবি করেন। মির্জা আব্বাসের প্রতিনিধিসহ সাতজন প্রার্থী দাবি করেন হাতি প্রতীক।
এ সময় মিহির সারোয়ার মোর্শেদ প্রার্থীদের উদ্দেশে বলেন, ‘হাতি ও ইলিশ মাছ প্রতীকের জন্য একাধিক প্রার্থী আবেদন করেছেন। আপনাদের মধ্যে সমঝোতার সুযোগ আছে। ঠিক করেন, কে মাছ নেবেন আর কে হাতি নেবেন।’
তখন সাঈদ খোকন প্রার্থীদের উদ্দেশে বলেন, ‘মাছ প্রতীকের সঙ্গে আমার আবেগ জড়িত। আমার বাবা এই মাছ প্রতীক নিয়ে ঢাকার মেয়র নির্বাচিত হয়েছিলেন। তাই আপনারা যদি মাছ প্রতীক ছেড়ে দেন, আমি কৃতজ্ঞ থাকব।’ এতে চারজন ছাড়তে রাজি হলেও আখতারুজ্জামান আয়াতুল্লাহ বলেন, ‘আমি মাছ চাই। প্রয়োজনে লটারি হবে।’ সাঈদ খোকনসহ আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে আধা ঘণ্টা আলোচনার পর আয়াতুল্লাহ বলেন, ‘সবাই হাত জোড় করে বলছে। তাই মাছ প্রতীক ছেড়ে দিলাম।’ পরে সাঈদ খোকনই ইলিশ মাছ প্রতীক পান।
তবে প্রতীক নিয়ে এমন ছাড় পাননি মির্জা আব্বাস। তাই শেষ পর্যন্ত মির্জা আব্বাসের পক্ষে উপস্থিত তাঁর প্রতিনিধি সানাউল্লাহ মিয়া হাতি বাদ দিয়ে মগ প্রতীক বেছে নেন।
দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদের অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন সোফা প্রতীক, বাসদের বজলুর রশীদ ফিরোজ টেবিল, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এস এম আসাদুজ্জামান রিপন কমলালেবু, সাবেক সাংসদ গোলাম মাওলা রনি আংটি, আবু নাসের মুহাম্মদ মাসুদ হোসাইন চরকা, এ এস এম আকরাম ক্রিকেট ব্যাট, আইয়ুব হুসেন ইগল, দিলীপ ভদ্র হাতি, মশিউর রহমান চিতাবাঘ, আখতারুজ্জামান আয়াতুল্লাহ লাউ, আবদুর রহমান ফ্লাস্ক, আবদুল খালেক কেক, জাহিদুর রহমান ল্যাপটপ, বাহারানে সুলতান বাহার শার্ট, রেজাউল করিম চৌধুরী টেবিল ঘড়ি, শহীদুল ইসলাম বাস, শফি উল্লাহ চৌধুরী ময়ূর ও শাহীন খান জাহাজ প্রতীক পেয়েছেন। দক্ষিণে মেয়র পদে ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগ-সমর্থিত আনিসুল হক ও বিএনপি-সমর্থিত তাবিথ আউয়াল দুজনেই টেবিল ঘড়ি প্রতীকের জন্য আবেদন করেন। শেষে লটারিতে জিতে আনিসুল হক টেবিল ঘড়ি পান। আগারগাঁওয়ে এনআইএলজি ভবনে উত্তরের রিটার্নিং কর্মকর্তা শাহ আলমের কার্যালয়ে এ সময় উপস্থিত তাবিথ বেছে নেন বাস। আনিসুল হকের পক্ষে সেখানে উপস্থিত ছিলেন ইকবাল চৌধুরী।
অন্য মেয়র প্রার্থীদের মধ্যে লটারিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আবদুল্লাহ আল ক্বাফি পেয়েছেন হাতি প্রতীক। জাতীয় পার্টির বাহাউদ্দিন আহমেদ চরকা, গণসংহতির জোনায়েদ আবদুর রহিম সাকি টেলিস্কোপ, বিকল্পধারা বাংলাদেশের মাহী বদরুদ্দোজা চৌধুরী ইগল, জাসদের নাদের চৌধুরী ময়ূর, চৌধুরী ইরাদ আহাম্মদ সিদ্দিকী লাউ প্রতীক পেয়েছেন। এ ওয়াই এম কামরুল ইসলাম ক্রিকেট ব্যাট, কাজী মো. শহীদুল্লাহ ইলিশ মাছ, মো. আনিসুজ্জামান ডিশ অ্যান্টেনা, জামান ভূঁইয়া টেবিল, সামছুল আলম চৌধুরী চিতাবাঘ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ ফ্লাস্ক, শেখ ফজলে বারী মাসউদ কমলালেবু ও শেখ শহিদুজ্জামান দেশলাই প্রতীক পেয়েছেন। এখানে মেয়র পদে প্রার্থী ১৬ জন।