আনিসুল হক ও তাঁর ছেলের বিরুদ্ধে আদালতে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোম্পানি আইনে দেশ এনার্জি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনিসুল হক ও তাঁর ছেলে পরিচালক নাভিদুল হকের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হাসানের বেঞ্চ আবেদনটি গ্রহণ করে এ বিষয়ে নোটিশ জারির নির্দেশ দেন।গত সোমবার আবেদনটি করেন প্রতিষ্ঠানটির অংশীদার নূহের লতিফ খান ও তাঁর বোন শাহপার সাবা। আদালতে তাঁদের পক্ষে শুনানি করেন আইনজীবী আখতার ইমাম। সঙ্গে ছিলেন রাশনা ইমাম ও রেশাদ ইমাম।জ্যেষ্ঠ আইনজীবী আখতার ইমাম বলেন, কোম্পানি আইনের ২৩৩ ধারা অনুসারে প্রতিকার চেয়ে পরিচালক নূহের লতিফ খান ও তাঁর বোন শাহপার সাবা আবেদনটি করেন। দেশ এনার্জি লিমিটেডের জন্মলগ্ন থেকে নূহের লতিফ খান ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু গত ২৩ মার্চ আনিসুল হক ও নাভিদুল হক বোর্ড সভা করে নূহের লতিফ খানকে পদচ্যুত করেন। এই দুই পরিচালককে নাজেহাল করে ও অব্যবস্থাপনার মাধ্যমে কোম্পানিকে আর্থিক ক্ষতির মুখে ফেলেছেন বলে আরজিতে বলা হয়েছে। তাঁদের শেয়ার ন্যায্যমূল্যে কিনে নেওয়া এবং কোম্পানির অন্য সব দায়ভার থেকে তাঁদের অব্যাহতি দেওয়ার আরজি রয়েছে। আদালত নোটিশ জারি করেছেন।তবে আনিসুল হক অভিযোগগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন। তিনি বলেন, নূহের নিয়ম ভেঙে পাঁচ বছরের বেশি সময় ধরে ব্যবস্থাপনা পরিচালকের পদে ছিলেন। কোম্পানির অনেক জরুরি প্রয়োজনেও ইচ্ছাকৃতভাবে দায়িত্ব থেকে দূরে থাকেন। তাঁর অব্যবস্থাপনায় কোম্পানি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কারণে এমডি পরিবর্তনের জন্য আইন অনুযায়ী আমরা বোর্ড মিটিং ডাকি, যাতে নূহের ও সাবা উপস্থিত ছিলেন।