আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আনিসুল হক ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং কারাগারে আটক বিএনপির নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণ সিটি থেকে মেয়র পদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ সোমবার তাঁরা নিজ নিজ রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আনিসুল হক আজ বিকেলে উত্তর সিটির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহ আলমের দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। আদালতের রায়ে সাজা পাওয়া বিএনপির নেতা নাসির উদ্দিন আহমদের পক্ষে দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদের দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন রফিকুল ইসলামের নামের এক ব্যক্তি। একই দপ্তর থেকে জাপার নেতা সাইফুদ্দিন আহমেদও মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, কোনো ব্যক্তি ফৌজদারি বা নৈতিক স্খলনজনিত অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে এবং মুক্তি পাওয়ার পর পাঁচ বছর অতিবাহিত না হলে ওই ব্যক্তি নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য হবেন না। নাসির উদ্দিন পিলখানা হত্যাকাণ্ড মামলায় আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত।
আরও জানা যায়, আজ ঢাকা দক্ষিণ থেকে কাজী মো. সাইদুর রহমান ও শাহ আলম নামের দুই ব্যক্তি মেয়র পদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। সব মিলিয়ে ঢাকা উত্তর থেকে এ পর্যন্ত মেয়র পদে ১৩ জন ও দক্ষিণ থেকে নয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ
ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনে প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে জামানতের টাকা জমা দেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার তিন সিটিতে সব ধরনের তফসিলি ব্যাংক খোলা রাখার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে আজ ইসি সচিবালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চিঠি সম্পর্কে ইসির সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২৬ মার্চ বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ছুটি। ২৭ ও ২৮ মার্চ যথাক্রমে শুক্র ও শনিবার। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ মার্চ। এতে প্রার্থীদের জামানতের টাকা জমা দেওয়ার সমস্যা হবে। সে জন্য ২৭ ও ২৮ মার্চ ব্যাংক খোলা রাখার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া নির্বাচনে প্রার্থীদের মধ্যে কেউ ঋণখেলাপি হলে তাঁদের তালিকা রিটার্নিং কর্মকর্তাদের দপ্তরে পাঠানোর জন্য গতকাল রোববার বিকেলে ইসি সচিবালয় থেকে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে। ইসির সম্মতি ছাড়া নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের বদলি না করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।
আচরণবিধি নিয়ন্ত্রণে হিমশিম ইসি
আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের আগ পর্যন্ত কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না। তফসিল অনুযায়ী তিন সিটিতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যে অবৈধ প্রচার উপকরণ অপসারণের নির্দেশ দেওয়ার পরও বেশির ভাগ ক্ষেত্রে সম্ভাব্য প্রার্থীরা তা মানছেন না বলে ইসি সচিবালয়ের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন।
ইসি সচিবালয় সূত্র জানায়, অবৈধ প্রচার উপকরণ অপসারণের জন্য তিন সিটিতে নির্বাহী হাকিমের নেতৃত্বে দুটি করে ভ্রাম্যমাণ আদালত মোতায়েনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে আজ সোমবার চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করার জন্য ঢাকা ও চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে।
সচিব সিরাজুল ইসলাম জানান, এই আদালত ৯ এপ্রিল পর্যন্ত কাজ করবেন। এরপর ১০ এপ্রিল থেকে প্রতি সিটিতে ছয়টি করে ভ্রাম্যমাণ আদালত ভোটের দিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে জানা গেছে, সম্ভাব্য মেয়র প্রার্থী সাঈদ খোকন অপর সম্ভাব্য প্রার্থী স্বতন্ত্র সাংসদ হাজি মো. সেলিমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে রোববার চিঠি দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, হাজি সেলিম বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণের নামে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা নওয়াবুল আলম বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল আহসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, আচরণবিধি লঙ্ঘনের জন্য এ পর্যন্ত ১৪ জনকে সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছে।