আনিসুল হককে ব্যবসায়ী নেতাদের সমর্থন
ঢাকা সিটি করপোরেশনের (উত্তর) নির্বাচনে মেয়র পদপ্রার্থী আনিসুল হককে সমর্থন দিয়েছেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। একই সঙ্গে তাঁরা আওয়ামী লীগ-সমর্থিত এই প্রার্থীর পক্ষে ভোট চান।
রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন হলে গতকাল রোববার দুপুরে ‘পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি ও নিকট ভবিষ্যতে করণীয়’বিষয়ক এক সভার আয়োজন করে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ। তাতেই আনিসুল হকের প্রতি সমর্থন জানান ব্যবসায়ী নেতারা। বক্তারা এ সময় ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে মেয়র নির্বাচনে আনিসুল হকের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন। বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় মেয়র পদপ্রার্থী আনিসুল হকও উপস্থিত ছিলেন এবং তিনি ব্যবসায়ী মহলের সম্মিলিত সহযোগিতা চান। তিনি বলেন, একজন ব্যবসায়ী প্রতিনিধিকে মেয়র পদে সমর্থন দিয়ে প্রধানমন্ত্রী যে উপহার দিয়েছেন, এখন ব্যবসায়ীদের সামনে সেটিকে আলিঙ্গন করে নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। এ সময় তিনি পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক ঢাকা গড়ে তোলার পক্ষে তাঁর স্বপ্নের কথা জানান।
সভায় বিভিন্ন সংগঠনের পক্ষে বক্তব্য দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম, বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী, সালাম মুর্শেদী, শফিউল ইসলাম মহিউদ্দিন, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি জসিমউদ্দিন, বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সাবেক সভাপতি হাবিবউল্লাহ ডন, বিকেএমইএর সহসভাপতি আসলাম সানি, বিটিএমএর সহসভাপতি ফজলুল হকসহ বিজিএমইএর বর্তমান ও সাবেক একাধিক নেতা।
সভায় বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বলেন, সময় এসেছে তৈরি পোশাক কারখানার মতো ঢাকা সিটিকেও কমপ্লায়েন্স বা উন্নত কর্মপরিবেশের আওতায় আনা। শহর কমপ্লায়েন্স হবে না কিন্তু শহরের কারখানা কমপ্লায়েন্স হবে, তা হবে না। তাই বাসের অযোগ্য ঢাকা শহরকে কমপ্লায়েন্সের আওতায় আনতে হলে এমন একজন মেয়র দরকার, যিনি কমপ্লায়েন্সের বিষয়গুলো ভালো বোঝেন বা জানেন। এ ক্ষেত্রে আনিসুল হকই হচ্ছেন যোগ্য প্রার্থী।
বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, ভোটের দিন ঢাকার ও তার আশপাশের কলকারখানা বন্ধ থাকবে। তাই নিজ নিজ কারখানার শ্রমিকদের ওই দিন ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে হবে মালিকদেরই। সেই সঙ্গে প্রত্যেক মালিককে আনিসুল হকের পক্ষে নিজ নিজ অবস্থানে থেকে কাজ করার আহ্বান জানান বিজিএমইএর এই নেতা।