আনিসুল হককে মাহীর চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনিসুল হক অন্য প্রার্থীদের সঙ্গে প্রকাশ্যে বিতর্কে ভয় পাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশ-সমর্থিত প্রার্থী মাহী বদরুদ্দোজা চৌধুরী। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আনিসুল হকের নির্বাচনী ইশতেহারকে ‘অন্তঃসারশূন্য’ হিসেবে উল্লেখ করে মাহী বি চৌধুরী বলেছেন, রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকার কোনো সমস্যার সমাধানে তাঁর কর্মপরিকল্পনা নেই।
গতকাল বুধবার বেলা দেড়টায় রাজধানীর কালশী মোড়ে এক পথসভায় মাহী বি চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, আনিসুল হক নিজের দুর্বলতার কারণে অন্য প্রার্থীদের সঙ্গে কোনো উন্মুক্ত বিতর্কে আসতে ভয় পাচ্ছেন। যে কারণে মেয়র প্রার্থীদের নিয়ে ইউএনডিপি ও আরটিভি আয়োজিত অনুষ্ঠানে তিনি আসেননি। রাজধানীর যেকোনো স্থানে তাঁর নির্বাচনী ইশতেহার নিয়ে বিতর্ক করতে আনিসুল হককে চ্যালেঞ্জ জানান তিনি।
ঢাকাবাসীর উদ্দেশে দেওয়া আনিসুল হকের চিঠিটি ‘ভাবাবেগপূর্ণ’ হিসেবে উল্লেখ করে মাহী বি চৌধুরী বলেন, ‘এই নির্বাচন সবার জন্য সমান সুযোগ থেকে অনেক দূরে। আনিসুল হক নির্বাচনের আগেই পুলিশের প্রহরায় বিভিন্ন এলাকায় এমনভাবে যাচ্ছেন যেন তিনি মেয়র হয়ে গেছেন।’
বেলা একটায় মাহী বি চৌধুরী তাঁর ইগল প্রতীকের পক্ষে ভোট চাইতে কালশী এলাকায় পৌঁছান। তাঁর সঙ্গে পাঁচটি ট্রাকে করে প্রায় দেড় শ স্বেচ্ছাসেবক ঝাড়ু ও বেলচা নিয়ে সেখানে যান। ‘নতুন প্রজন্ম নেমেছে পথে, পরিচ্ছন্ন শহর চাই, চাই পরিচ্ছন্ন রাজনীতি’—এ ব্যানারে তাঁরা কালশী ও মিরপুর ১২ নম্বর সড়ক পরিষ্কার করে আবর্জনা পলিথিনে ভরে ট্রাকে ওঠান। এ সময় একটি ট্রাক থেকে মাহী বি চৌধুরীকে নিয়ে তৈরি গান বাজানো হচ্ছিল।
নির্বাচনী প্রচারের সময় নগরবাসীর উদ্দেশে লেখা মাহী বি চৌধুরীর একটি খোলা চিঠি ও প্রচারপত্র বিলি করা হয়। মাহীর অনলাইনভিত্তিক আন্দোলনের কর্মী ও বিকল্পধারার কর্মীরা এ সময় এ প্রচারে অংশ নেন।
প্রচারণার শুরুতে মাহী কালশী মোড়ের সমাবেশে বলেন, ‘অনেক দিন পর ঢাকায় নির্বাচনী প্রচারণা চালাতে এসে দেখি, শহরটা অনেক ময়লা হয়ে গেছে। আমাদের রাজনীতির মতোই শহরটাকে এবার পরিষ্কার করার জন্য মাঠে নেমেছি। আমার প্রথম কাজ হবে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।’