আনিসুল হককে শেয়ার কিনতে দেওয়া নির্দেশ স্থগিত
দেশ এনার্জি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনিসুল হককে ওই কোম্পানির দুই উদ্যোক্তার শেয়ার ‘ন্যায্য’ দামে কিনতে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।
আনিসুল হককে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ রোববার এ আদেশ দেন।
আদালতে আনিসুল হকের পক্ষে ছিলেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও মো. মেহেদি হাসান চৌধুরী। দুই উদ্যোক্তার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আখতার ইমাম।
পরে মেহেদি হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের ওই রায়ের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।’
দেশ এনার্জি লিমিটেডের দুই উদ্যোক্তার শেয়ার ন্যায্য দামে কিনতে আনিসুল হককে গত ১৯ মে নির্দেশ দেন হাইকোর্ট।
কোম্পানি আইনের ২৩৩ ধারা অনুসারে ওই প্রতিষ্ঠানের পরিচালক নূহের লতিফ খান ও তাঁর বোন শাহপার সাবা গত বছরের ৬ এপ্রিল হাইকোর্টে একটি আবেদন করেন। এতে তাঁদের শেয়ার ন্যায্যমূল্যে কিনে নেওয়া ও কোম্পানির অন্যসব দায়ভার থেকে তাঁদের অব্যাহতি দেওয়ার আরজি জানানো হয়। ওই দিন আদালত আবেদন গ্রহণ করে আনিসুল হক ও তাঁর ছেলে পরিচালক নাভিদুল হকের প্রতি নোটিশ জারির নির্দেশ দেন। শুনানি নিয়ে ১৯ মে রায় দেন আদালত।