আনিসুল হককে শেয়ার কেনার নির্দেশ আদালতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ এনার্জি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনিসুল হকসহ অন্যদের ওই কোম্পানির দুই উদ্যোক্তার শেয়ার ‘ন্যায্য দামে’ ক্রয় করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট৷ বিচারপতি মো. রেজাউল হাসানের একক বেঞ্চ গতকাল সোমবার এ রায় দেন৷
দুই পক্ষের আইনজীবীরা জানান, রায়ে দেশ এনার্জির উদ্যোক্তা নূহের লতিফ খান ও তাঁর বোন শাহপার সাবার শেয়ার ‘ন্যায্য দামে’ কিনে নিতে আনিসুল হকসহ সংখ্যাগরিষ্ঠ শেয়ার হোল্ডারদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে৷ এ জন্য একটি স্বাধীন অডিট ফার্ম নিয়োগ হবে৷ নিয়োগপ্রাপ্তির পর ফার্ম ‘ফেয়ার ভ্যালু’ নির্ধারণ করবে৷ পরে আদেশ অনুযায়ী শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে৷ ওই দুই উদ্যোক্তার ২০ শতাংশ এবং আনিসুল হকসহ অন্যদের ৮০ শতাংশ শেয়ার রয়েছে৷
কোম্পানি আইনের ২৩৩ ধারা অনুসারে ওই প্রতিষ্ঠানের পরিচালক নূহের লতিফ খান ও তাঁর বোন শাহপার সাবা গত বছরের ৬ এপ্রিল হাইকোর্টে একটি আবেদন করেন৷ এতে তাঁদের শেয়ার ন্যায্যমূল্যে কিনে নেওয়া ও কোম্পানির অন্য সব দায়ভার থেকে তাঁদের অব্যাহতি দেওয়ার আরজি জানানো হয়৷
আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী আখতার ইমাম, রাশনা ইমাম ও রেশাদ ইমাম। আর আনিসুল হকের পক্ষে ছিলেন আইনজীবী শেখ ফজলে নূর ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।
মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে৷