আনিসুল হকের নামে ফাউন্ডেশন হচ্ছে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের নামে ফাউন্ডেশন করার উদ্যোগ নিয়েছে তাঁর পরিবার। সেই ফাউন্ডেশন গণমাধ্যম, উদ্যোক্তা ও বিশেষ শিক্ষায় বৃত্তি দেবে।
রাজধানীর কারওয়ান বাজারে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ কার্যালয়ের নুরুল কাদের মিলনায়তনে আজ মঙ্গলবার আনিসুল হকের স্মরণসভা অনুষ্ঠিত হয়। বিজিএমইএ আয়োজিত এই স্মরণসভায় ব্যবসায়ী নেতারা আনিসুল হককে নিয়ে তাঁদের স্মৃতিচারণা করেন। সেখানেই আনিসুল হকের নামে ফাউন্ডেশন করার কথা জানান তাঁর সহধর্মিণী রুবানা হক।
রুবানা হক বলেন, ‘আনিস ফেরত আসবে না। তবে আমার স্থির বিশ্বাস, শতসহস্র আনিস বাংলাদেশে আসবে। আমরা ছোট একটি ফাউন্ডেশন করছি আনিসের জন্য। আনিসুল হক ফাউন্ডেশন। যেখান থেকে আমরা গণমাধ্যম, উদ্যোক্তা, বিশেষ শিক্ষা—এই কয়েকটি জায়গায় বৃত্তি দেব। যাতে করে বারবার আনিসকে স্মরণ করতে পারি এবং আরও অনেকজন আনিস যেন আসে। আশায় আছি, অপেক্ষায় আছি—আনিস আমাদের কাছে ফেরত আসবেন কোনো না কোনো ফর্মে।’
রুবানা হক বলেন, ‘আনিসের প্রস্থান এত সুন্দর হয়েছে, কপালী মানুষ কপাল নিয়ে চলে গেছেন একটি কারণে। সেটি হলো মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গাটা করে দিয়েছিলেন, জনগণের সেবা করার। তিনি যদি সরকারে না থাকতেন, শিল্পপতি হিসেবে ওনার বিদায় হতো তাহলে এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিতে পারতেন না। কাজেই সরকারের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ, বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।’
রুবানা হক আরও বলেন, ‘২৯ জুলাই আমরা লন্ডনে যাই। তিনি হাঁটতে পারছিলেন না। আমরা যখন বিমানে উঠছিলাম, তখন টানা ২০-২৫ মিনিটে এক শ ফুটও যেতে পারিনি। তিনি আমার কাঁধ ধরে হাঁটছিলেন, কারণ হুইলচেয়ারে সে যাবে না। আনিস হুইলচেয়ারে তাঁর জীবন শেষ হোক, সেটি কখনই চাননি। তিনি সচেতন একজন মানুষ, পরিচ্ছন্ন একজন মানুষ। কখনই চাননি তাঁর জীবন কর্মহীন থাকুক।’
রুবানা হক বলেন, ‘আমি জানি, আনিস যেভাবে গেছেন, সেভাবে যেতে কপাল লাগে। তবে মৃত্যু খুব সহজ। চার মাস আমরা যুদ্ধ করেছি। তিনি কিছুই টের পাননি। একদিন শুধু জেগে ছিলেন। কষ্ট আমার হয়েছে, ওনার হয়নি। বেঁচে থাকাটা কঠিন, কিন্তু আমরা যাতে সবাই সুন্দরভাবে বেঁচে থাকতে পারি, সেই চেষ্টা করে গেছেন। আনিস সবাইকে সমানভাবে ভালোবেসেছেন। আমাকে ও সন্তানদের শিখিয়েছেন, সংকীর্ণ না হতে, উদার হতে।’
স্মরণসভায় বক্তব্য দেন আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও সহসভাপতি শেখ ফজলে ফাহিম, বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি তপন চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, সহসভাপতি এস এম মান্নান, বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, এস এম ফজলুল হক, কাজী মনিরুজ্জামান, আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ, আবদুস সালাম মুর্শেদী, আতিকুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির। স্মরণসভায় প্রয়াত আনিসুল হকের দুই সন্তান উপস্থিত ছিলেন।
প্রয়াত মেয়র আনিসুল হক ২০০৪ সালের ১২ মার্চ থেকে ২০০৫ সালের ১৫ নভেম্বর পর্যন্ত বিজিএমইএর সভাপতির দায়িত্ব পালন করেন। তারপরে তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি ও পরে সার্ক চেম্বারের সভাপতি হোন।
লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ নভেম্বর আনিসুল হক মারা যান।