দল নয়, প্রতিদ্বন্দ্বীরা হামলা করতে পারে: মাহী
কোনো দল নয়, বরং প্রতিদ্বন্দ্বীরা হামলা করে থাকতে পারে বলে মনে করছেন ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী মাহী বি. চৌধুরী। আজ রোববার রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে প্রবাসী ফোরাম নামের একটি সংগঠন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে মাহী বি. চৌধুরী বলেন, ‘আমি প্রচলিত রাজনীতি করি না। তাই কাউকে দোষারোপ করতে পারব না। তবে নির্বাচনী প্রচারণার দিনগুলোতে আমি যাদের সবচেয়ে বেশি আক্রমণের জায়গায় রেখেছিলাম, তারা এ হামলা করতে পারে। পাশাপাশি যারা মনে করছে, আমার কারণে তাদের ভোট কাটা যাবে, তারাও হামলা করতে পারে।’
মাহী বলেন, আওয়ামী লীগ অথবা বিএনপি দলগত সিদ্ধান্তে এ কাজ করেছে, এটি তিনি মনে করেন না। তিনি বলেন, ‘আমি শেখ হাসিনার রাজনৈতিক সমালোচনা করতে পারি। কিন্তু আমি তাঁর কাছ থেকে যে মাতৃস্নেহ পেয়েছি, তা তো অস্বীকার করতে পারি না।’ এর সঙ্গে তিনি যোগ করেন, ‘আর খালেদা জিয়ার কাছ থেকেও আমি মাতৃস্নেহ পেয়েছি। সুতরাং, জাতীয়তাবাদী শক্তির কেউ এটি করেছে, তা-ও আমি বিশ্বাস করি না।’ তিনি আরও বলেন, ‘রাতদিন এরশাদ সাহেবের সমালোচনা করি। কিন্তু তিনিও আমাকে স্নেহ করেন। আমাকে দেখলেই বলেন মাহীর মতো আমার যদি একটা ছেলে থাকত!’
মাহী আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হকের ইশতেহারকে অবাস্তবায়নযোগ্য বলেছেন এবং বিএনপি-সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালকে ‘শিশু’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আমি আনিসুল হকের ইশতেহারকে অন্তঃসারশূন্য বলেছিলাম, তিনি এর জবাব দেননি। ইশতেহারের ৮০ শতাংশের বাস্তবায়ন তাঁর ক্ষমতার বাইরে।’ সিটি করপোরেশনকে সঠিক রাস্তায় আনার জন্য আইন সংশোধন করবেন বলে জানিয়েছেন তিনি।
তাবিথ সম্পর্কে মাহী বলেন, তাবিথ শিশু, তাঁর সম্পর্কে বলার কিছু নেই। তিনি আরও বলেন, ‘তাঁর মনোনয়ন নিশ্চিত হওয়ার কয়েক দিন আগেও তিনি (তাবিথ) আমাকে বলেছেন, তিনি নির্বাচন করতে চান না। যে ব্যক্তি নির্বাচন করতে চায় না, তাঁকে বাধ্য হয়ে করতে হচ্ছে। তাঁকে মানুষ কেন ভোট দেবে?’
সংবাদ সম্মেলনে প্রবাসী ফোরামের পক্ষে বক্তব্য দেন আওলাদ হোসেন খান, ওহিদউদ্দিন, মুকুল হোসেন বকুল প্রমুখ।
আরও পড়ুন:
মাহীর ওপর দুর্বৃত্তদের হামলা