আনিসুলের 'টেবিল ঘড়ি', তাবিথের 'বাস'

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক নির্বাচনী প্রতীক ‘টেবিল ঘড়ি’ পেয়েছেন। বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ‘বাস’।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে।
অন্য মেয়র প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বাহাউদ্দিন আহমেদ চরকা প্রতীক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সমর্থিত প্রার্থী নাদির চৌধুরী ‘ময়ূর’, গণসংহতি আন্দোলন সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি ‘টেলিস্কোপ’, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী আবদুল্লাহ আল কাফি রতন ‘হাতি’ প্রতীক পেয়েছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের ভোটযুদ্ধে এখন লড়বেন ১৬ জন। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে উত্তরে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সারাহ্ বেগম কবরী, ববি হাজ্জাজ ও মোস্তফা কামাল আজাদী।
নির্বাচন কমিশন সচিবালয় জানায়, ঢাকা উত্তর সিটিতে ৩৬টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা ২৭৭ জন এবং নারীদের জন্য সংরক্ষিত ১২টি ওয়ার্ডে ৮৮ জন। মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সাধারণ ওয়ার্ডে ১৬৯ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে ২৫ জন।