সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গতকাল শনিবার বিকেলে পূর্বনির্ধারিত সমাবেশ করতে পারেনি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। একই স্থানে একই সময়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মিসভা আহ্বান করায় সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।পরে উপজেলার বাদশাগঞ্জ বাজারের ত্রিমুখী মোড়ে পথসভায় আনু মুহাম্মদ বক্তব্য দেওয়ার সময় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালায়। এতে সাংবাদিকসহ অন্তত সাতজন আহত হন। প্রশাসন, এলাকাবাসী ও সংগঠন সূত্রে জানা গেছে, পাইকুরাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গতকাল বেলা তিনটায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির পাইকুরাটি শাখার উদ্যোগে সমাবেশ ডাকা হয়। এ জন্য প্রশাসনের অনুমতি নেওয়া হয়। সমাবেশ সামনে রেখে সংগঠনের পক্ষে কয়েক দিন ধরে প্রচারণা চালানো হয়। কিন্তু হঠাৎ করে পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে একই স্থানে একই সময়ে কর্মিসভা আহ্বান করা হয়। গতকাল দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সমাবেশস্থলে ১৪৪ ধারা জারির কথা প্রচার করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সমাবেশ করতে না পেরে বিকেল পৌনে পাঁচটার দিকে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য-সচিব অধ্যাপক আনু মুহাম্মদের নেতৃত্বে আট-দশজনের একটি প্রতিনিধিদল বাদশাগঞ্জ বাজারের ত্রিমুখী মোড়ে পথসভায় যোগ দেন। সেখানে আনু মুহাম্মদ বক্তব্য দেওয়ার একপর্যায়ে স্থানীয় যুবলীগকর্মী সবুজ মিয়ার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের ১০-১২ জন কর্মী পুলিশের উপস্থিতিতে লাঠিসোঁটা ও রড নিয়ে পথসভায় হামলা চালায়। এ সময় স্থানীয় লোকজন ও সংগঠনের নেতা-কর্মীরা আনু মুহাম্মদসহ অন্য নেতাদের আগলে রাখেন। উপজেলার সমকাল সংবাদদাতা এনামুল হকের মাথায় রড দিয়ে আঘাত করা হয়। হামলাকারীরা তাঁর একটি ক্যামেরাও ভেঙে ফেলে। আহত এনামুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পথসভায় কারা হামলা চালিয়েছে তা আমি জানি না। তবে শুনেছি। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য আমি দুঃখিত।’