আনু মুহাম্মদের হুমকিদাতাকে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদকে হত্যার হুমকিদাতাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। একই সঙ্গে জোটের নেতা-কর্মীরা রামপাল চুক্তি বাতিল ও রামপালবিরোধী আন্দোলনে আটক ছাত্রনেতা দিলীপ রায়ের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
গতকাল শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে এসব দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, কয়েক বছর ধরে সারা দেশের মানুষ রামপাল চুক্তি বাতিলের পক্ষে সংগঠিত হচ্ছে। সেই সঙ্গে বিশেষজ্ঞরা এই আন্দোলনের পক্ষে তাঁদের তথ্য-উপাত্ত তুলে ধরছেন। কিন্তু সরকার জনগণের আন্দোলন ও বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে দমন-পীড়নের মাধ্যমে চুক্তি বাস্তবায়নের পথে হাঁটছে।
বক্তারা বলেন, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দিলীপ রায়কে ৫৭ ধারার মামলায় দেড় মাস ধরে কারাগারে রাখা হয়েছে। অথচ আনু মুহাম্মদকে হত্যার হুমকিদাতাকে খুঁজে বের করতে পারছে না সরকার।
বিপ্লবী ছাত্রমৈত্রীর যুগ্ম আহ্বায়ক ইকবাল কবীরের সভাপতিত্বে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ তানজিম উদ্দিন খান, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম জিলানী, ছাত্রফ্রন্টের একাংশের সাধারণ সম্পাদক স্নেহার্দী চক্রবর্তী, অপর অংশের সভাপতি ইমরান হাবিব, ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক প্রমুখ বক্তব্য দেন।