আনুষ্ঠানিক গণসংযোগে জাপার ফিরোজ রশীদ
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর সভাপতি কাজী ফিরোজ রশীদ আজ রোববার থেকে আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করেছেন। আজ নির্বাচনী আসনের (ঢাকা-৬) সূত্রাপুরের লালকুঠি ও নবাবপুর ইলেকট্রিক মার্কেটে লাঙ্গল মার্কায় ভোট চান তিনি।
এর আগে গত বৃহস্পতিবার পুরান ঢাকার ফরাশগঞ্জে ফিরোজ রশীদ বলেছিলেন, জাতীয় পার্টি রওশন এরশাদের নেতৃত্বে নির্বাচনে যাচ্ছে। পরদিন শুক্রবার জাপার প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের বলেন, এরশাদ নির্বাচনে নেই। এরশাদের অনুমতিতে রওশন এরশাদের নেতৃত্ব জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে বলে যে মন্তব্য করা হচ্ছে, তা সর্বৈব মিথ্যা।
জানতে চাইলে কাজী ফিরোজ রশীদ আজ বিকেলে প্রথম আলো ডটকমকে বলেন, তিনি একটি বৈঠকে আছেন। এ বিষয়ে পরে কথা বলবেন।
ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক হিরো বাবলু স্বাক্ষরিত ই-মেইল বার্তায় বলা হয়েছে, গণসংযোগে কাজী ফিরোজ রশীদ এলাকাবাসীর উদ্দেশে বলেন, ‘এই এলাকায় আমাকে সাংসদ নির্বাচিত করলে সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব এবং এলাকার যে বড় সমস্যা পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সংস্কার করা হবে।’
ই-মেইল বার্তায় আরও বলা হয়েছে, কাজী ফিরোজ রশীদের সঙ্গে গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের নেতা আলীমুজ্জামান আলম, যুবলীগ মহানগরের নেতা রতন ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের মহানগর নেতা সানোয়ার হোসেন, ছাত্রলীগের নেতা আতিক আহমেদ, জাসদের মহানগর নেতা ফারজানা বেগম এবং জাপার নেতা ফারুক, খন্দকার ফায়কুজ্জামান, আবদুর রাজ্জাকসহ স্থানীয় ১৪ দলের নেতারা।
প্রসঙ্গত, কাজী ফিরোজ রশীদ ঢাকা-৬ আসন থেকে নির্বাচন করছেন। এই আসনটিতে আগে জিতেছিলেন মিজানুর রহমান খান। গতকাল ভোররাতে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান।