নরসিংদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে প্রতীক বরাদ্দের পর গতকাল শুক্রবার থেকে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। প্রথম দিনে দলীয় কার্যালয়ে নির্বাচনী সভা করার অভিযোগে আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়াকে সতর্ক করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অপর এক প্রার্থীর সমর্থককে জরিমানা করা হয়েছে।আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ায় প্রার্থীদের পোস্টারে ছেয়ে যাচ্ছে পৌর শহরের বিভিন্ন অলিগলি। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চলছে প্রার্থীদের নির্বাচনী ক্যাম্প স্থাপনের কাজ। দিনভর ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে ফিরছেন প্রার্থীরা। ভোটারের মন জয় করতে প্রার্থীদের মুখে উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি স্থান পাচ্ছে সন্ত্রাসমুক্ত নরসিংদী গড়ার অঙ্গীকার।আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী প্রয়াত মেয়র লোকমান হোসেনের ছোট ভাই কামরুজ্জামান গতকাল সকালে ব্রাহ্মন্দী ও বিকেলে ভাগদী এবং সন্ধ্যায় উপজেলা মোড় ও ইউএমসি পাটকল কারখানা এলাকায় প্রচার চালান। তিনি ভোটারদের কাছে বড় ভাই প্রয়াত মেয়র লোকমান হোসেনের উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।অপরদিকে আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া শহরের ইউএমসি ও নরসিংদী বাজারের বিভিন্ন এলাকায় প্রচার চালান। অন্য প্রার্থীরাও দিনভর শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, পৌর এলাকাকে তিনটি ভাগে বিভক্ত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন তিন জন ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইন উদ্দিন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে, ম্যাজিস্ট্রেট আবু ইউছুফ ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে এবং ম্যাজিস্ট্রেট আবু ছাইদ ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে গতকাল আদালত পরিচালনা করেন। মেয়র পদপ্রার্থী আমজাদ হোসেনের প্রতিষ্ঠানের একটি পিকআপ ভ্যানে পোস্টার লাগানোর অপরাধে বিকেল পৌনে চারটার দিকে শহরের চেওয়ালা এলাকায় পিকআপ ভ্যানের চালক মামুনকে তিন হাজার টাকা নগদ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ইউসুফ। এ সময় পাশেই অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে চলছিল মোন্তাজ উদ্দিনের মতবিনিময় সভা। সভাকে ঘিরে দলীয় কার্যালয়ের সামনে ছিল সমর্থকদের ভিড়। বিষয়টি আদালতের দৃষ্টিগোচর হলেও তখন পাশ কাটিয়ে দলীয় কার্যালয়ে সামনে দিয়ে চলে যায় ভ্রাম্যমাণ আদালতের গাড়ি। এর প্রায় আধা ঘণ্টা পর ম্যাজিস্ট্রেট আবু ইউসুফ আওয়ামী লীগের কার্যালয়ে যান। দলীয় প্যাডে সভা আহ্বান করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচনী সভা না করতে তিনি মোন্তাজ উদ্দিনকে নির্দেশ দেন। তবে মোন্তাজ উদ্দিন আদালতকে বলেন, এটা নির্বাচনী সভা নয়। দলীয় সভা। পরে আদালত সভা বন্ধ করার নির্দেশ দেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য সতর্ক করে দেন।এ ব্যাপারে জানতে গতকাল রাতে মোন্তাজ উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘মোন্তাজ দলের বিদ্রোহী প্রার্থী। তিনি দলীয় কার্যালয়ে সভা করতে পারে না।’নরসিংদী পৌর উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দলীয় কার্যালয়ে নির্বাচনী সভা করা অবশ্যই আচরণবিধি লঙ্ঘন।’