নরেন্দ্র মোদিকে কাছে পেয়ে ভারতে বিনিয়োগের যে তাৎক্ষণিক প্রস্তাব দিয়েছিল, সেটিই এবার আনুষ্ঠানিকভাবে দিল বিজিএমইএ। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরনকে তাঁর কার্যালয়ে গিয়ে গতকাল রোববার প্রস্তাবটি দেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম।
গতকাল সন্ধ্যা ছয়টার দিকে প্রস্তাবটি দেওয়ার সময় বিজিএমইএর সভাপতির সঙ্গে এফবিসিসিআইয়ের সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নান ও বিকেএমইএর সহসভাপতি আসলাম সানি ভারতীয় হাইকমিশনে উপস্থিত ছিলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত সপ্তাহে দুই দিনের সফরে বাংলাদেশে আসেন। সফরের দ্বিতীয় দিন ৭ জুন কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় আতিকুল ইসলাম মোদির কাছে তাঁর দেশে ৫০ একর জমি বরাদ্দ চান।
আনুষ্ঠানিক প্রস্তাবে দেখা যায়, ভারতে বাংলাদেশি পোশাকপণ্যের গুদাম ও বিতরণকেন্দ্র স্থাপনের জন্য সে দেশের সরকারের কাছে একখণ্ড জমি বরাদ্দ চেয়েছে বিজিএমইএ। পণ্যের গুদাম ও বিতরণকেন্দ্র করার জন্য বিজিএমইএ, বিকেএমইএ এবং অন্যদের নিয়ে একটি কোম্পানি গঠন করা হবে। আর যদি ভারতের যথাযথ কর্তৃপক্ষ জমি বরাদ্দ দেয়, তবে তিন মাসের মধ্যে এই কাজটি হয়ে যাবে।
তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর দেওয়া প্রস্তাবে ওয়্যারহাউস অ্যান্ড ডিস্ট্রিবিউশন সেন্টার কিংবা পণ্যের গুদাম ও বিতরণকেন্দ্রের জন্য ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বা প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করার কথা বলা হয়েছে। একই সঙ্গে ভারতের বিভিন্ন শহরে এক হাজার বিক্রয়কেন্দ্র (রিটেইল শপ) করার পরিকল্পনাও প্রস্তাবে আছে। এসব হলে কয়েক বছরের মধ্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ১০০ কোটি ডলার বৃদ্ধি পাবে বলে মনে করছে বিজিএমইএ। দেড় পৃষ্ঠার প্রস্তাবটিতে স্বাক্ষর করেন আতিকুল ইসলাম। প্রস্তাবের বিষয়ে ভারতকে শিগগিরই সম্ভব বা তিন মাসের মধ্যে মতামত জানানোর জন্য অনুরোধ করেছেন বিজিএমইএর সভাপতি।
আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভারতীয় অনেক প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে পোশাক কেনে। তবে ওয়্যারহাউস ও ডিস্ট্রিবিউশন সেন্টার হলে সেখানে ক্রয়াদেশ দিতে পারবে তারা। তখন আমরা ভারত থেকে কাপড় কিনে এনে দেশের বিভিন্ন কারখানায় পোশাক তৈরি করব। তারপর ওয়্যারহাউস থেকেই আবার বিতরণ করা হবে। এতে সেখানকার ক্রেতাদের মধ্যে বাড়তি আস্থা তৈরি হবে।’ তিনি বলেন, ‘ভারতে এই প্রকল্প যদি সফল হয়, তবে আমরা চীন ও রাশিয়ায় এ ধরনের বিনিয়োগ করার জন্য অগ্রসর হব।’
তাৎক্ষণিক প্রস্তাবে ভারতে ৫০ একর জমি চাইলেও আনুষ্ঠানিক প্রস্তাবে একখণ্ড জমির কথা উল্লেখ করা হয়। এ বিষয়ে তিনি বলেন, ‘একটু ভুল হয়েছে। প্রয়োজনে কাল (আজ) সংশোধন করে আবার প্রস্তাবটি জমা দেব।’
ভারতীয় হাইকমিশনে প্রস্তাব জমা দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, ‘প্রস্তাবে উল্লেখ না থাকলেও আমরা মধ্য ভারতে জমি চাইব।’ তিনি বলেন, বরাদ্দ পেলে তিন মাসের মধ্যে পণ্যের গুদাম ও বিপণনকেন্দ্র নির্মাণ করা সম্ভব।