আনুষ্ঠানিক প্রস্তাব পেলে বিবেচনা করবে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক প্রস্তাব দিলে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন করার বিষয়টি বিবেচনা করবে চীন। তবে এর আগে চীন পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের ভুল বোঝাবুঝির অবসান চায়। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশে নবনিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জুন এ কথা বলেন। লি জুন বলেন, ‘পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আশা করি, এর অবসান হবে এবং বিশ্বব্যাংক আবারও এগিয়ে আসবে। তবে চীনের অবস্থান স্পষ্ট। সামর্থ্য অনুযায়ী বাংলাদেশের যেকোনো অবকাঠামো উন্নয়নে চীন প্রস্তুত। বাংলাদেশ সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে চীন তা বিবেচনা করবে।’বাংলাদেশে বিনিয়োগসংক্রান্ত এক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ভালো। এখানে তুলনামূলক সস্তায় শ্রম পাওয়া যায়। অবকাঠামোসহ জ্বালানি সংকটের সমাধান হলে চীনের উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ বিনিয়োগের একটি আদর্শ স্থান হতে পারে। দ্বিপক্ষীয় স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং কৃষি, সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে চীন পাশে থাকবে।লি জুন আরও বলেন, বর্তমানে বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য ৮০০ কোটি ডলারের বেশি। চীনে বাংলাদেশের রপ্তানিও বেড়েছে। গত বছর চীনে রপ্তানির ক্ষেত্রে ১৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। চীন তার বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশের পক্ষে। নবনিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে কোন বিষয়কে গুরুত্ব দেবেন জানতে চাইলে লি জুন বলেন, দুই দেশের স্বার্থকেই গুরুত্ব দেওয়া হবে। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে দুই দেশের মধ্যে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময় দরকার।বাংলাদেশের সমুদ্রবন্দরে চীনা কোম্পানি বিনিয়োগ করতে আগ্রহী কি না, এমন প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, চীন সরকার এ ব্যাপারে উদ্যোক্তাদের উৎসাহ দিচ্ছে। অনেকে আগ্রহও দেখিয়েছে।মিট দ্য প্রেস অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, খোন্দকার মনিরুল আলমসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।