আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই স্থগিতের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই তা স্থগিত করার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপিপন্থী আইনজীবীরা। তাঁরা বলেছেন, সঠিক ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করে নতুন নির্বাচন দিতে হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গতকাল সোমবার সমিতির সাধারণ সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকন এ দাবি জানান। এ সময় সমিতির অন্য বিএনপিপন্থী আইনজীবীরা উপস্থিত থাকলেও সভাপতি খন্দকার মাহবুব হোসেন ছিলেন না।
২৬ আগস্ট বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের ফল আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের প্যানেল জানিয়েছে, তারা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বার কাউন্সিলের ১৪টি সদস্যপদের মধ্যে তারা ১০টিতে জিতেছে।
গতকালের সংবাদ সম্মেলনে মাহবুব উদ্দিন খোকন দাবি করেন, বার কাউন্সিল নির্বাচনে ভোটার তালিকা প্রণয়নে ‘নজিরবিহীন অনিয়ম ও প্রতারণা’ করা হয়েছে। ২০১৫ সালে প্রকাশিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তালিকা অনুসারে, এখানে ৫ হাজার ২১৮ জন সদস্য আছেন। তাঁদের মধ্যে ২১৪ জন অন্য আইনজীবী সমিতিতে ভোট দিতে চেয়েছেন। সে হিসাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বৈধ ভোটার পাঁচ হাজার চারজন। কিন্তু অ্যাটর্নি জেনারেল ৩০ জুলাই যে তালিকা প্রকাশ করেছেন, তাতে ভোটার ছিলেন ৩ হাজার ৪০৭ জন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে বাদ পড়া ১ হাজার ৫৯৭ জন সদস্যকে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়। পরে ২৫ আগস্ট ভোটার তালিকায় ১৮২ জন এবং ২৬ আগস্ট নির্বাচনের দিন আরও ৩১ জন এবং অন্য আইনজীবী সমিতি থেকে বদলির মাধ্যমে ২৩ জনকে নতুন করে সংযোজন করা হয়। তারপরও ১ হাজার ৩৪২ জন সদস্য ভোট দিতে পারেননি।
মাহবুব উদ্দিন অভিযোগ করেন, ‘অ্যাটর্নি জেনারেলের প্রতি আপিল বিভাগের নির্দেশনা ছিল সঠিক ভোটার তালিকা তৈরি করা। কিন্তু তা না করে অ্যাটর্নি জেনারেল সাদা প্যানেলের (আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল) প্রার্থীদের বিজয়ী করার হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বিপুলসংখ্যক আইনজীবীকে ভোটাধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত করেন।’
ভোটার তালিকায় ত্রুটি থাকার পরও কেন নির্বাচনে গেলেন—সাংবাদিকদের এমন প্রশ্নে মাহবুব উদ্দিন স্পষ্ট কোনো জবাব দেননি।
তবে বার কাউন্সিলের পদাধিকারবলে চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, নির্বাচনে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন। গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, হেরে গেছেন বলে তাঁরা এখন এ ধরনের বক্তব্য দিচ্ছেন।