আনোয়ার হোসেন মঞ্জুর খালাসের রায় বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে করা মামলায় হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিলের অনুমতি চেয়ে করা আবেদন (লিভ টু আপিল) খারিজ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। আদালতে আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।
আনোয়ার হোসেন মঞ্জু যোগাযোগমন্ত্রী থাকাকালে রাস্তা সংস্কারের দরপত্র পাইয়ে দিতে ঘুষ নেওয়ার অভিযোগে দুদক তাঁর বিরুদ্ধে মামলা করে। এই মামলায় ২০০৮ সালের ১০ জুন তাঁকে সাত বছর কারাদণ্ড ও ৭৫ লাখ টাকা অর্থদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। এই রায়ের বিরুদ্ধে আনোয়ার হোসেন হাইকোর্টে আপিল করেন।
২০১০ সালের ২৩ আগস্ট হাইকোর্ট আনোয়ার হোসেনকে খালাস দেন। খালাসের রায়ের বিরুদ্ধে ২০১৪ সালের ৮ এপ্রিল দুদক আপিলের অনুমতি চেয়ে আবেদন করে। গতকাল এ আবেদন খারিজ হয়।