আনোয়ারা উপকূলে শীতেও তরমুজ চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শঙ্খ নদের মোহনার ধলঘাট বালুচরে তরমুজ চাষ করা হয়েছে। গত শুক্রবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শঙ্খ নদের মোহনার ধলঘাট বালুচরে তরমুজ চাষ করা হয়েছে। গত শুক্রবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো

তরমুজ প্রধানত গরমকালের ফল। তবে শীতকালেও চট্টগ্রামের আনোয়ারার সমুদ্র উপকূল ও শঙ্খ নদের মোহনায় তরমুজ চাষ করেছেন কৃষকেরা। প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে লাগানো তরমুজখেত থেকে ফলনও আসতে শুরু করেছে।
গত শুক্রবার উপজেলার রায়পুর ইউনিয়নের ধলঘাট ও বার আউলিয়া এলাকায় গিয়ে দেখা যায়, বঙ্গোপসাগরে শঙ্খ নদের মিলনস্থল ধলঘাট থেকে পশ্চিমে বার আউলিয়া সমুদ্রসৈকত পর্যন্ত এলাকা সবুজে ভরে উঠেছে। দেড় কিলোমিটার দীর্ঘ এই এলাকায় চাষিরা তরমুজ চাষ করেছেন। ইতিমধ্যে কোনো কোনো খেতের তরমুজ সাত থেকে আট কেজি, আবার কোনো খেতের তরমুজ দুই থেকে তিন কেজি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বার আউলিয়া এলাকার সমুদ্র উপকূলে কয়েক বছর ধরে তরমুজ চাষ করে আসছেন চাষিরা। এখানে উৎপাদিত তরমুজ আকারে ছোট হলেও স্বাদে ভালো। প্রথম কয়েক বছর চাষ অল্প পরিসরে হলেও এবার আকার বেড়েছে।
চাষিরা জানান, শঙ্খের মোহনা ও বার আউলিয়া সৈকত এলাকায় ৫০ জনের মতো চাষি প্রায় ৬০ কানি (২০ শতকে এক কানি) জমিতে তরমুজ চাষ করেছেন। প্রতিটি তরমুজ ২০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়। আগামী ছয় মাস চাষিরা দুই ধাপে তরমুজ চাষ করবেন।
বার আউলিয়া এলাকার তরমুজচাষি আবদুল জলিল বলেন, ‘আমি ৪ কানি এলাকায় তরমুজ চাষ করেছি। এতে আমার ৫০ হাজার টাকার মতো খরচ হয়েছে। সব ঠিক থাকলে খরচ বাদ দিয়ে লক্ষাধিক টাকা লাভ পাব।’
আরেক চাষি নঈম উদ্দিন বলেন, ‘আমাদের এখানের তরমুজে স্বাদ বেশি, তাই দামও পাই ভালো।’
ধলঘাট এলাকার তরমুজচাষি জাকের আহমদ (৫০) বলেন, ‘আমাদের উৎপাদিত তরমুজ খেতেই বিক্রি হয়ে যায়। পাইকার ও খুচরো ব্যবসায়ীরা এসে তরমুজ কিনে নিয়ে যান।’
আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন বলেন, আনোয়ারা উপকূলে উৎপাদিত তরমুজ খুব সুস্বাদু। ফলন যাতে বাড়ানো যায়, সে জন্য চাষিদের পরামর্শ দেওয়া হবে।