আনোয়ারা উপজেলা আ.লীগের সভাপতিসহ ছয়জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারার মোহাম্মদ ফারুক হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ছয়জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ শহীদুল ইসলাম তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মোজাম্মেল হক, বৈরাগ ইউনিয়নের আওয়ামী লীগের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান নোয়াব আলী, নির্বাচিত ইউপি সদস্য মো. মুছা তালুকদার, তাঁদের সহযোগী মোজাম্মেল হক, নুরুল ইসলাম ও জিয়াউদ্দিন বাবলু।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, আনোয়ারায় ইউপি নির্বাচনে সহিংসতার এক মামলায় ছয় আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইউপি নির্বাচনের আগের দিন গত ৩ জুন উপজেলার বৈরাগ ইউনিয়নের আমানউল্লাহ পাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ সোলাইমানের সমর্থক মোহাম্মদ ফারুক নিহত হন।

এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগের প্রার্থী নোয়াব আলীসহ ৩২ জনকে আসামি করে মামলা করেন নিহত ফারুকের স্ত্রী শেলি আকতার।