আনোয়ারার তৈলারদ্বীপ বেড়িবাঁধ সড়ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ বেড়িবাঁধ সড়কটি দুই বছর ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। সড়কের পিচঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই সড়ক দিয়ে যাতায়াতকারী ২৫ হাজারের বেশি মানুষকে পেতে হচ্ছে সীমাহীন কষ্ট।
আনোয়ারা উপজেলার দক্ষিণে শঙ্খের পাড়ে বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামের অবস্থান। এই গ্রামের ভেতর দিয়ে চলে গেছে তৈলারদ্বীপ বেড়িবাঁধ সড়ক। তিন কিলোমিটার দীর্ঘ ওই সড়ক দিয়ে ১৪টি পাড়ায় ২৫ হাজারের বেশি মানুষ চলাচল করে। দুই বছর ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এটি।
আনোয়ারা উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের তৈলারদ্বীপের সরকারহাট এলাকায় তিন কিলোমিটার দীর্ঘ এই সড়কটি বেড়িবাঁধ হিসেবে নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। ২০০১ সালে ওই সড়কটি কার্পেটিং করা হয়।
২০০৮ সালে সড়কটি সর্বশেষ সংস্কার করা হয়। কিন্তু দীর্ঘ সময় ধরে আর কোনো সংস্কার না হওয়ায় দুই বছর ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে গর্ত ও খানাখন্দের। আর এ কারণে সড়ক দিয়ে হাঁটাও কষ্টসাধ্য হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই সড়ক ফজল কাদের মাস্টার বাড়ি, ছৈয়দ মাঝি বাড়ি, সোবহান সওদাগরের বাড়ি, নুর হোসেন ডিলারের বাড়িসহ ১৪টি পাড়ার লোকজনের একমাত্র চলাচলের পথ।
এলাকার লোকজন জানান, সড়কটির খারাপ দশার কারণে কোন যানবাহন যেতে চায় না। ফলে সন্ধ্যার পরে গ্রামবাসীকে পোহাতে হয় অবর্ণনীয় দুর্ভোগ। হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লে পড়তে হয় কষ্টে।
স্থানীয় বাসিন্দা কাজী মো. মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের চলাচলের প্রধান সড়কটির কার্পেটিং উঠে গিয়ে চলাচলের যোগ্যতা হারিয়েছে। এতে আমাদের কষ্টের শেষ নেই।’
স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আরিফুল কবির প্রথম আলোকে বলেন, ‘একমাত্র সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়ায় ২৫ হাজারের বেশি মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি সংস্কারের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হচ্ছে।’
আনোয়ারা উপজেলার ভারপ্রাপ্ত প্রকৌশলী তাসলিমা জাহান প্রথম আলোকে বলেন, দক্ষিণ তৈলারদ্বীপ বেড়িবাঁধ সড়কটির সংস্কারের জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। আশা করি এটি সহসাই সংস্কার হবে।