আনোয়ারায় এক কুকুরের কামড়ে আহত ২০
চট্টগ্রামের আনোয়ারায় একটি কুকুরের কামড়ে ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় ও আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একটি পাগলা কুকুর উপজেলার চাতরী, বৈরাগ, গুয়াপঞ্চক, বড়উঠান, শোলকাটা, সিংহরা, আনোয়ারা সদর ও খিলপাড়া এলাকায় অন্তত ২০ জনকে কামড় দেয়। তাঁদের মধ্যে ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত ব্যক্তিরা হলেন চাতরী গ্রামের মো. আলী (৪০), আলী আকবর (৫৮) ও জাহাঙ্গীর আলম (৩৩); বৈরাগের খুরশিদ আলম (৪৫); গুয়াপঞ্চকের শামিমা আক্তার (৫); বড়উঠানের মো. সাকিব, (২৬); খিলপাড়ার নির্মল নাথ (১২); শোলকাটার মো. হেলাল (১৯); সিংহরা গ্রামের সোমা বৈদ্য (২৯), সৌরভ চৌধুরী (১৫) ও নিকু দেবী (৪৫) এবং আনোয়ারা সদরের আবদুর রশিদ (৪০)।
এদিকে হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন না থাকায় আহত ব্যক্তিদের ভোগান্তিতে পড়তে হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) গোলাম মোস্তফা জামাল বলেন, যাঁরা হাসপাতালে এসেছেন, তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন সরবরাহ বন্ধ আছে। আহত অনেকে বাইরে থেকে ভ্যাকসিন এনেছেন। আমরা সেগুলো পুশ করে দিয়েছি।’