আনোয়ারায় পাহাড় ধসে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় রাতের অাঁধারে মাটি কেটে ট্রাকে ভরার সময় পাহাড়ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত সোমবার মধ্যরাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর গ্রামে (খোট্টাপাড়া) এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম ওরফে বদনী মেম্বারের ছেলে মো. আকতারের নেতৃত্বাধীন একটি সিন্ডিকেট পাহাড় কেটে মাটি লুট করছে৷
মারা যাওয়া শ্রমিক হলেন উত্তর বন্দর গ্রামের চিন্তাহরণ দাশের ছেলে লক্ষ্মণ দাশ (৪০)। এ ঘটনায় একই গ্রামের রুস্তম আলী (৪১) ও আলমগীর আহত হন৷
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর ধরে উত্তর বন্দর গ্রামের বায়েজিদ বোস্তামীর (রহ.) মাজারসংলগ্ন কেইপিজেডের পাহাড় থেকে মাটি কেটে বিক্রি করে আসছিল আকতারের নেতৃত্বাধীন একটি সিন্ডিকেট। পাহাড়ে প্রতি রাতে চার-পাঁচটিটি ট্রাক লাগিয়ে মাটি কেটে বিক্রি করা হতো। কখনো কখনো মাটি বন্দর সেন্টারের আশপাশে স্তূপ করে পরে বিক্রি করা হতো। সোমবার রাতেও মাটি কেটে সরানোর সময় সেখানে দুর্ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, পাহাড় কেটে প্রকাশ্য ব্যবসা করলেও এ ঘটনার পর মুখ না খোলার জন্য লক্ষ্মণের পরিবারকে চাপে রাখা হয়েছে। লক্ষ্মণের বাড়িতে অাক্তারের পরিবারের সদস্যদের ঘোরাঘুরি করতেও দেখা গেছে।
লক্ষ্মণ দাশের অনার্সপড়ুয়া মেয়ে মুক্তা দাশ বলেন, ‘বাবা কীভাবে মারা গেছেন সেটা বড় কথা নয়; লাশ যত তাড়াতাড়ি এনে দাহ করাতে পারব, সেটাই আসল কথা।’ লক্ষ্মণ কখন কাজে গেছেন—জানতে চাইলে তিনি বলেন, ‘রাত ১০টার পর কখন গেছেন তা জানি না।’
ছেলে পলাশ দাশ বলেন, ‘গতকাল সকালে আমরা খবর পাই, বাবা হাসপাতালে। এর বাইরে আর কিছু বলতে পারব না।’
অভিযোগ প্রসঙ্গে মো. আকতার বলেন, ‘এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি এসবের মধ্যে নেই।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, এ ঘটনায় আকতারকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা করা হয়েছে৷