আনোয়ারায় শেষ হলো আন্তর্জাতিক আর্ট ক্যাম্প
চট্টগ্রামের আনোয়ারার কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক আর্ট ক্যাম্প শেষ হয়েছে গতকাল বুধবার।
এশীয় দ্বিবার্ষিক চারুকলা উৎসবের অংশ হিসেবে গত সোমবার এই আর্ট ক্যাম্প শুরু হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এই ক্যাম্পের সহযোগিতায় ছিল ইয়াংওয়ান করপোরেশন। ছয়টি দেশের ১৯ জন শিল্পী এই ক্যাম্পে অংশ নেন।
ক্যাম্পে অংশ নেওয়া শিল্পীরা হলেন ভারতের ধীরাজ চৌধুরী, চীনের থাং চ্রিং কাং, জাপানের টয়োমি হোশিনা, দক্ষিণ কোরিয়ার সং ডেসুপ, শ্রীলঙ্কার জগৎ রবীন্দ্রা, বাংলাদেশের সমরজিৎ রায়চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, মাহমুদুল হক, কালীদাস কর্মকার, আবুল বারক আলভী, ফরিদা জামান, নাইমা হক, নাজলী লায়লা মনসুর, মোহাম্মদ ইউনুস, রোকেয়া সুলতানা, আফজাল হোসেন, মুনিরুজ্জামান ও মোহাম্মদ ইকবাল।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রথম আলোকে বলেন, দ্বিবার্ষিক চারুকলা উৎসবে যেসব বিদেশি শিল্পী এসেছেন, তাঁরা দেখেছেন বাংলাদেশ শান্তি, মানবতা ও সৃজনশীলতায় ভরা একটি দেশ।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক বলেন, ‘ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের কারণে বিশ্বে আমাদের পরিচিতি আছে। কিন্তু চারুকলায় যে আমরা কতখানি শক্তিশালী, তা এবারের উৎসবে প্রমাণিত হলো।’