আনোয়ারায় সরকারি কলেজ ও উচ্চবিদ্যালয় নেই
চট্টগ্রামের আনোয়ারায় কোনো উচ্চবিদ্যালয় ও কলেজ সরকারীকরণ হয়নি। এতে করে উপজেলার অনেক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা কম খরচে পড়ালেখার সুযোগ হারাচ্ছে। তাদের পড়তে হচ্ছে পার্শ্ববর্তী কোনো উপজেলা কিংবা চট্টগ্রাম শহরে গিয়ে।
জানা গেছে, উপজেলার ১১ ইউনিয়নে ৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৪টি রেজি. প্রাথমিক বিদ্যালয়, আটটি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ও ২২টি ব্র্যাক পরিচালিত প্রাথমিক বিদ্যালয় আছে। তা ছাড়া ২৩টি উচ্চবিদ্যালয়, ১১টি মাদ্রাসা, দুটি কলেজ, দুটি স্কুল অ্যান্ড কলেজ ও একটি টেকনিক্যাল কলেজ আছে। আনোয়ারা কলেজ সম্প্রতি স্নাতকোত্তর পর্যায়ে উন্নীত হয়েছে। কিন্তু মাধ্যমিক পর্যায়ে কোনো উচ্চবিদ্যালয় এবং কলেজ পর্যায়ে কোনো প্রতিষ্ঠান সরকারীকরণ হয়নি।
২০১৪ সালে বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আবুল হাসনাত বলে, চট্টগ্রাম শহরে পড়তে একটু কষ্ট হচ্ছে, আনোয়ারায় যদি সরকারি কলেজ থাকত তাহলে এমনটি হতো না।
চট্টগ্রাম দক্ষিণ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ভক্তিয়াপাড়া চারপীর আউলিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি বলেন, নগরের এত কাছের উপজেলায় একটিও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নেই, যা দুঃখজনক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাঈনুদ্দিন মজুমদার প্রথম আলোকে জানান, আনোয়ারায় কোনো সরকারি উচ্চবিদ্যালয় কিংবা কলেজ না থাকায় দরিদ্র অথচ মেধাবীদের সমস্যায় পড়তে হচ্ছে।