আনোয়ারায় স্কুল ব্যাংকিংয়ে সাড়া কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা গড়ে তোলার জন্য সরকারি উদ্যোগে স্কুল ব্যাংকিং কর্মসূচি চালু হলেও চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শিক্ষার্থীদের মাঝে সাড়া ফেলেনি। উপজেলার ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পর্যন্ত মাত্র ১০২টি ব্যাংক হিসাব খুলেছে।
ব্যাংক কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ফিরিঙ্গীবাজারের জনতা ব্যাংক শাখায় আনোয়ারা উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সরকারি বেতন-ভাতা জমা হয়। জনতা ব্যাংকের ওই শাখা বর্তমানে আনোয়ারার ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্যাংক হিসাব পরিচালনা করছে। কিন্তু হিসাব খোলার ব্যাপারে শিক্ষার্থীদের মধ্যে তেমন আগ্রহ না থাকায় সরকারের এ কার্যক্রম থমকে আছে।

উপজেলার ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পর্যন্ত মাত্র ১০২টি ব্যাংক হিসাব খুলেছে

জনতা ব্যাংক ফিরিঙ্গীবাজার শাখার কর্মকর্তারা জানান, সরকার বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার জন্য ২০১০ সালে স্কুল ব্যাংকিং চালু করে। তারই ধারাবাহিকতায় আনোয়ারায় এ কার্যক্রম শুরু হয় ২০১৪ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে। কিন্তু গত আট মাসে আনোয়ারা উপজেলার ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১০২টি হিসাব খোলা হয়েছে। তার মধ্যে মাহাতা পাটনীকোটা উচ্চবিদ্যালয় ও হাজীগাঁও শোলকাটা এস জে নিজাম উচ্চবিদ্যালয়ে ৩০ জন করে ৬০ জন শিক্ষার্থী, পীরখাইন মাওলানা আশরাফ আলী চৌধুরী উচ্চবিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী, ভক্তিয়াপাড়া চারপীর আউলিয়া উচ্চবিদ্যালয় ও বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়ের সাত জন করে ১৪ জন শিক্ষার্থী ব্যাংক হিসাব খুলেছে।
তবে প্রচারণা ভালোভাবে চালালে এখনো অনেক িশক্ষার্থী ব্যাংক হিসাব খুলবে বলে মন্তব্য করেন আনোয়ারা বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জামান। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খুলতে আমরা বেশ কয়েকবার নোটিশ দিয়েছি। সাতজন ইতিমধ্যে হিসাব খুলেছে। অন্যরাও পর্যায় ক্রমে খুলবে।
উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, সর্বনিম্ন ১০০ টাকা দিয়ে অভিভাবক ও শিক্ষার্থীর নামে যৌথ হিসাব খোলা যায়। ১৮ বছর হলে হিসাবটি পুরোপুরি শিক্ষার্থীর নামে হয়ে যাবে। হিসাব খুলতে জন্মনিবন্ধন সনদ, অভিভাবকের জাতীয়তা সনদ, দুই কপি ছবি ও প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র লাগে।
জনতা ব্যাংকের ফিরিঙ্গীবাজার শাখার সহকারী নির্বাহী কর্মকর্তা (এইও) অজিত কুমার দাশ বলেন, ‘আনোয়ারা উপজেলার ৩৩টি স্কুল ও মাদ্রাসায় একাধিকবার গিয়েছি। কোনো কোনো প্রতিষ্ঠানে উদ্বুদ্ধকরণ সভাও করেছি। কিন্তু তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। ফলে সরকারের এ কার্যক্রম বিফলে যেতে বসেছে।’
ব্যাংকের ব্যবস্থাপক আবু ছৈয়দ বলেন, শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার জন্য বাংলাদেশ ব্যাংক এ উদ্যোগ নিয়েছে। কিন্তু সচেতনতার অভাবে বারবার চেষ্টা করেও শিক্ষার্থীদের ব্যাংকমুখী করা যাচ্ছে না।
আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, উপজেলার সবকটি শিক্ষাপ্রতিষ্ঠান যাতে স্কুল ব্যাংকিংয়ের আওতায় আসে, সে ব্যাপারে উদ্যেগ নেওয়া হবে।