নাশকতার ৫২ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের আগাম জামিন বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তাঁদের এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
নাশকতার চার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের আগাম জামিন বিশেষ বিবেচনায় বহাল রয়েছে। শারীরিক অসুস্থতার জন্য তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল সোমবার এসব আদেশ দেন। এই বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
৯ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ থেকে নাশকতার ৫৬ মামলায় চার সপ্তাহ করে আগাম জামিন পান বিএনপির এই চার নেতা। এর মধ্যে এম কে আনোয়ার নয় মামলায়, তরিকুল চার মামলায়, মিন্টু এক মামলায় এবং আমান উল্লাহ ৪২ মামলায় জামিন পান। রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের জন্য চেম্বার আদালতে আবেদন করে। ২১ জুলাই চেম্বার আদালত এসব আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ২৭ জুলাই দিন নির্ধারণ করেন। গতকাল আপিল বিভাগে এসব আবেদনের ওপর শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
শুনানিতে মুরাদ রেজা বলেন, এসব মামলায় আগাম জামিন দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের নির্দেশনা মানা হয়নি। নির্দেশনায় বলা আছে, মামলার এজাহার গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। কিন্তু তা না করে একসঙ্গে এত মামলায় জামিন দেওয়া হয়েছে। এটা সর্বোচ্চ আদালতের নির্দেশনার লঙ্ঘন। তিনি আরও বলেন, তাদের (বিএনপি) ডাকা অবরোধে এসব নাশকতা ও অপরাধ হয়েছে। কাউকে না কাউকে এসব অপরাধের দায়িত্ব নিতে হবে। আপিল বিভাগের নির্দেশনায় আরও বলা আছে, রাজনৈতিক কারণ বিবেচনায় কাউকে আগাম জামিন দেওয়া যাবে না। রাজনীতি ও অপরাধ সমার্থক হতে পারে না।
বিএনপির চার নেতার পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন।
শুনানিতে জয়নুল আবেদীন বলেন, পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির নেতাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে এসব মামলা করা হয়েছে। রাজনৈতিকভাবে হয়রানির জন্য ঢালাওভাবে একেকজনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা কেউ ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।
দুই পক্ষের শুনানি শেষে আদালত তরিকুল ইসলামের জামিনের বিষয়ে কোনো আদেশ (নো অর্ডার) দেননি। এম কে আনোয়ার, আবদুল আউয়াল ও আমান উল্লাহর জামিন বাতিল করে আদালত তাঁদের এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
আদেশের পর মুরাদ রেজা সাংবাদিকদের বলেন, তরিকুল ইসলামের জামিনের বিষয়ে আদালত বিশেষ বিবেচনায় ‘নো অর্ডার’ দেওয়ায় তাঁর জামিন বহাল থাকল।