ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে একটি ট্রাস্ট ফান্ড নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় সেটি প্রত্যাহার করা হয়েছে। বিতর্কের কারণ, এটি গঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতর্কিত উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরীর নামে। তাঁকে ২০০২ সালে ছাত্রী নির্যাতনের নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করে পদত্যাগ করতে বাধ্য করেছিলেন।
গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় আনোয়ারউল্লাহ চৌধুরী ট্রাস্ট ফান্ড প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
ট্রাস্ট ফান্ডের শর্ত অনুযায়ী, প্রতিবছর নৃবিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সেরা দুজন শিক্ষার্থীকে এই ফান্ডের পক্ষ থেকে স্বর্ণপদক দেওয়ার কথা ছিল। গত ৫ আগস্ট নৃবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরীর ছেলে মিতুল আনোয়ার চৌধুরী এই ট্রাস্ট ফান্ড করতে ছয় লাখ টাকা দেন। এ সময় আনোয়ারউল্লাহ চৌধুরীও সস্ত্রীক উপস্থিত ছিলেন।
শামসুন নাহার হলে অবৈধভাবে অবস্থানকারী ছাত্রদল নেতা-কর্মীদের বের করে দেওয়াসহ কয়েকটি দাবিতে ২০০২ সালের জুলাইয়ে আন্দোলন শুরু করে হলের সাধারণ ছাত্রীরা। ২৩ জুলাই রাতে তাঁদের ওপর পুলিশের পুরুষ সদস্য ও ছাত্রদল নেতা-কর্মীরা হামলা চালান। তখন উপাচার্যের নির্দেশে এই হামলা হয়েছে—এমন অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী পদত্যাগ করতে বাধ্য হন। ওই ঘটনার স্মরণে প্রতিবছর ২৩ জুলাইকে ‘শামসুন নাহার হল নির্যাতন দিবস’ হিসেবে পালন করা হয়ে থাকে।