জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট সমাধানে উপাচার্য আনোয়ার হোসেনকে যত দ্রুত সম্ভব সিনেট নির্বাচনের ব্যবস্থা করে উপাচার্য প্যানেল নির্বাচনের তাগিদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
একই সঙ্গে আনোয়ার হোসেনকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা না করার জন্যও পরামর্শ দিয়েছে কমিটি। অর্থাৎ উপাচার্যকে পরোক্ষভাবে সরিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া উচ্চ আদালতে করা রিট প্রত্যাহার করে নেওয়ার জন্যও পরামর্শ দিয়েছে কমিটি। অন্যদিকে আন্দোলনরত শিক্ষকদের বিনা শর্তে আন্দোলন প্রত্যাহার করতেও বলা হয়েছে।
গতকাল বুধবার জাতীয় সংসদে অনুষ্ঠিত বৈঠক থেকে এই পরামর্শ দেওয়া হয়। তথ্য বিবরণীতে এই সুপারিশের কথা জানানো হয়। তবে উপাচার্য প্যানেলের মাধ্যমে নির্বাচিত ও রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত উপাচার্যকে মেয়াদ শেষ হওয়ার আগেই আবারও প্যানেল নির্বাচন দিয়ে সেখানে প্রার্থী না হওয়ার পরামর্শ নিয়ে প্রশ্ন উঠেছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘স্থায়ী কমিটি যেটা ভালো মনে করেছে, সেটা করেছে। কিন্তু একজন নির্বাচিত ও রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত উপাচার্যের বিষয়ে এটা করার এখতিয়ার আছে কি না, আমার জানা নেই। আমার মনে হয়, কেবল রাষ্ট্রপতি নির্দিষ্ট কারণে আইনানুযায়ী নির্বাচিত উপাচার্যকে সরাতে পারেন।’
তথ্য বিবরণীতে বলা হয়, বৈঠকে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়। সভায় সিনেট নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করা এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হওয়া ও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা ও সহমর্মিতা প্রদর্শন করতে বলা হয়।
তবে তথ্য বিবরণীর মাধ্যমে দেওয়া সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে বৈঠকে উপস্থিত উপাচার্য আনোয়ার হোসেন বিস্ময় প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘এটা বিভ্রান্তিমূলক তথ্য। কারণ, কমিটিতে আমিই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কিছু প্রস্তাব দিয়েছি। বলেছি, জাতীয় নির্বাচনের আগেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন নির্বাচন দেব এবং বিশ্ববিদ্যালয়ের সিনেটকে কার্যকর করব ও চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হলেও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আগেই উপাচার্য প্যানেল নির্বাচন দিতে রাজি এবং সেখানে আমি প্রার্থী হব না। আর রিট তো আমি করিনি, করেছেন শিক্ষকেরা। সেখানে আমি তাঁদের অনুরোধ করতে পারি।’
উপাচার্য জানান, আজ বৃহস্পতিবার বেলা ১১টায় তিনি বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত বলবেন।
কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মির্জা আজম, শেখ আবদুল ওহাব, বীরেন শিকদার, জিয়াউর রহমান, মমতাজ বেগম উপস্থিত ছিলেন।