আনোয়ারা উপকূলে খাওয়ার পানির তীব্র সংকট
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় ইউনিয়ন রায়পুরের কয়েকটি গ্রামে খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে। গ্রামের লোকজনকে এক-দুই কিলোমিটার দূর থেকে খাওয়ার পানি সংগ্রহ করতে হচ্ছে। এ ছাড়া লোনা পানির কারণে এসব গ্রামে ব্যবহারের পানিরও সংকট আছে।
রায়পুরের বার আউলিয়া, ধলঘাট, গলাকাটা ঘাট ও পূর্ব গহিরা এলাকার পাঁচ কিলোমিটারের বেশি বাঁধ ভেঙে যাওয়ায় এসব এলাকার পুকুর ও জলাশয় লোনা পানিতে ভরে গেছে। গ্রামগুলোর গভীর নলকূপ থেকেও সুপেয় পানি না ওঠায় খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। একই অবস্থা সরেঙ্গা, উত্তর পরুয়াপাড়া, দক্ষিণ পরুয়াপাড়া, চুন্নাপাড়া এলাকায়ও। ফলে এসব এলাকার লোকজনকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, ২০০ ফুট নিচ থেকেও খাওয়ার উপযুক্ত পানি উঠছে না। ফলে অনেকে এক-দুই কিলোমিটার দূর থেকে খাবার পানি সংগ্রহ করছেন।
বার আউলিয়া এলাকার আবদুস সালাম জানান, চারদিকে পানি, তবে খাবার পানি নেই। পুকুর-জলাশয়ে শুধুই লোনা পানি।
রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইছমাইল জানান, ইউনিয়নের একেবারে দক্ষিণ ও পূর্ব প্রান্তে খাওয়ার পানির সংকট ভয়াবহ। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ও গভীর নলকূপ বসানোর খরচ বেশি হওয়ায় এ সমস্যা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মুজিবুর রহমান প্রথম আলোকে জানান, রায়পুরের ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার করা হলে পুকুর-জলাশয়ে লোনা পানি প্রবেশ করবে না। এতে সংকট অনেকাংশে কেটে যাবে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুফিদুল আলম বলেন, ‘আনোয়ারা উপকূলে খাওয়ার পানির সংকটের কথা শুনেছি। এ সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’