আনোয়ারা সুফিয়া ইসলামের ইন্তেকাল

সাবেক তথ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলামের স্ত্রী আনোয়ারা সুফিয়া ইসলাম (৮৩) গতকাল বুধবার মারা গেছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্র জানায়, আজ বৃহস্পতিবার বাদ জোহর মুন্সিগঞ্জের সুখবাসপুরের তিন সিঁড়ির পারিবারিক কবরস্থানে আনোয়ারা সুফিয়া ইসলামকে দাফন করা হবে। গতকাল বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তাঁর জানাজা হয়। পরে মরদেহ মরহুমার বারিধারার বাসায় একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে রাখা হয়।
আনোয়ারা সুফিয়া ইসলামের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
গতকাল দুপুরে মরদেহ বারিধারার বাসায় নেওয়ার পর আত্মীয়স্বজনের পাশাপাশি বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানান। সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।
সাবেক পূর্ব পাকিস্তানে ধনাঢ্য ও দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত হাজি ওসমান গণির পুত্রবধূ ছিলেন আনোয়ারা সুফিয়া। বঙ্গভবনের পাশে হাজি ওসমান গণির প্রতিষ্ঠিত ‘বিক্রমপুর ভবন’ ও হাজি ওসমান গণি কল্যাণ ট্রাস্ট ভবন রয়েছে। আনোয়ারা সুফিয়ার দুই ছেলে সাইফুল ইসলাম ও মোনাদির ইসলাম।