চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী সার কারখানা লিমিটেডের (কাফকো) আনসার ক্যাম্পে গতকাল শুক্রবার সকালে নাশতা করার পর সাত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে কাফকোর আনসার ক্যাম্পে নাশতা করেন আনসার সদস্যরা। বেলা ১১টার পর আনসারের সাত সদস্য অসুস্থবোধ করেন। বিকেলে আনসার সদস্য মো. সোহেল (২৮), আলতাফ হোসেন (৪৭), মোছলেম উদ্দিন (৪০), আবদুল খালেক (৫০), লাল মিয়া (৪২), জাহেদ হোসেন (২১) ও হাসান আলী (৩০) আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তাঁদের মধ্যে মো. সোহেল, আলতাফ হোসেন ও মোছলেম উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লক্ষ্মীপদ দাশ প্রথম আলোকে বলেন, আনসারের ওই সাত সদস্য খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হন। তিনি বলেন, চার সদস্যের একটি চিকিৎসক দল কাফকোর আনসার ক্যাম্পে পাঠানো হয়েছে।