আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙাদিয়া এলাকায় অবস্থিত একটি সার কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন দুই শ্রমিক।

আজ শনিবার বিকেল সোয়া চারটার দিকে ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত শ্রমিকেরা হলেন মো. সাহাবউদ্দিন (৩০), মো. মারুফ (২০) ও ওয়াইছ নূর (৪০)।

আহত শ্রমিকেরা হলেন এনামুল হক ও সাইদুর রহমান। এনামকে চমেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ও সাইদুরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা কারখানার উৎপাদন বিভাগের সার ব্যাগিং ও প্যাকিং শাখায় ঠিকাদার আবদুল হালিম খানের তত্ত্বাবধানে নিয়োজিত ছিলেন।

কারখানার অতিরিক্ত প্রধান ব্যবস্থাপক (প্রশাসন) আবুল কাশেম তিন শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলো ডটকমকে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হবে। দুর্ঘটনার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এই কারখানা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন বলে জানান তিনি।

কারখানা সূত্র জানায়, কারখানার সার প্যাকিং ও ব্যাগিং করতে ট্রলি বেল্ট ব্যবহূত হয়। এ জন্য নির্দিষ্ট সময় অন্তর অন্তর বিদ্যুতের সুইচ বন্ধ করতে হয়।

কারখানার উপব্যবস্থাপক (নিরাপত্তা) মো. মোফাজ্জল হোসেন জানান, শ্রমিকেরা সুইচ বন্ধ না করে কাজ করতে গেলে ট্রলি বেল্টের একটি তার ছিঁড়ে পড়ে। এতে পুরো বেল্ট বিদ্যুতায়িত হয়ে পড়ে। ফলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় কারখানায় কর্মরত তাজুল ইসলাম ও মো. ইসমাঈল জানান, ‘আমরা কারখানার ওপরের অংশে কাজ করছিলাম। হঠাৎ আওয়াজ শুনে নিচে নেমে দেখি, পাঁচজন গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন।’

ইসমাঈল ও তাজুল বলেন, কর্তৃপক্ষের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দেব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।