আনোয়ারায় মাহফিল নিয়ে সংঘর্ষ, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় ঘূর্ণিঝড়ে প্রাণ হারানো মানুষের স্মরণে আয়োজিত মাহফিলে মিছিল নিয়ে যাওয়ার পথে হামলার ঘটনা ঘটেছে। পরে মাহফিলের পক্ষে-বিপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ময়নাগাজীর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
১৯৯১ সালের ২৯ এপ্রিলে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহত ব্যক্তিদের স্মরণে এ মাহফিলের আয়োজন করে ময়নাগাজীর বাড়ির লোকজন। তবে এই বাড়িরই আরেকটি পক্ষ এ মাহফিলের বিরোধিতা করেন। তাঁরা জামায়াত-শিবিরের অনুসারী বলে জানা গেছে। শুক্রবার রাত ১০টায় মাহফিল চলাকালে মিছিল নিয়ে মাহফিলের দিকে যাওয়ার সময় জামায়াত ও শিবিরের লোকজন ইটপাটকেল ছোড়েন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে দুই পক্ষে সংঘর্ষ বাধে।
আহত ব্যক্তিরা হলেন রিজিয়া বেগম (৬০), রাজুয়ারা বেগম (৪০), শামসুদ্দীন (৪৫), আবুল কাশেম (৪৬), নিজাম উদ্দীন (৩০), আবুল ফয়েজ (৩০), ইমতিয়াজ উদ্দীন (২৬), মো. ফারুক (৩০), সাদ্দাম হোসেন (২৪) ও মেজবা উদ্দীনসহ (২৫) ১৫ জন। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জন আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
সংঘর্ষের বিষয়ে জামায়াতের সমর্থক আবদুচ সাত্তার বলেন, ‘আমরা আগে মানা করলেও তাঁরা প্যান্ডেল করে ফেলায় মাহফিল করে ফেলতে বলি। কিন্তু তারা মাহফিল থেকে আমাদের ওপর হামলা করে। ঘর, খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়।’
তবে মাহফিলের আয়োজকদের একজন ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কামিটির সদস্য জানে আলম বলেন, ‘সংঘর্ষ এড়াতে আমি মাহফিলের আগে দুই পক্ষকে নিয়ে আলাদা বসি। তারপরও জামায়াতের লোকজন হামলা করল।’
ঘূর্ণিঝড়ে ময়নাগাজীর বাড়ির শতাধিক লোক মারা যান। তাঁদের স্মরণে প্রতিবছর দোয়া মাহফিল করেন বাড়ির লোকজন।
আনোয়ারা থানার সহকারী পরিদর্শক (এসআই) উৎপল চক্রবর্তী প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত আছে।