রাজধানীর আফতাবনগরের একতলা তিন কক্ষের বাসার একটি কক্ষে স্ত্রী ও দুই শিশুসন্তান নিয়ে ভাড়া থাকেন আনোয়ার হোসেন। এই এক কক্ষের সংসারের মধ্যেই তিনি বসিয়েছিলেন বোমা বানানোর কারখানা। গতকাল সোমবার তাঁর বাসা থেকে অন্তত ৫০টি বোমা বানানোর মতো উপকরণ, হেফাজতের ১৩ দফা দাবির ব্যাখ্যা-সংবলিত প্রচারপত্র, মুজাহিদদের করণীয় সম্পর্কে কিছু পুস্তিকা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বোমা নিষ্ক্রিয়করণ দল।
এর আগে গত রোববার সকালে রাজধানীর কাঁটাবনে নিজের বহন করা বোমার বিস্ফোরণে গুরুতর আহত হয়ে এখনো সংজ্ঞাহীন আনোয়ার।
গতকাল দুপুরে আফতাবনগরে আনোয়ারের বাসায় অভিযান চালায় ডিবি। ডিবির বোমা নিষ্ক্রিয়করণ দলের প্রধান অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন বলেন, তাঁর ঘর থেকে বোমা বানানোর বেশ কিছু উপকরণ পাওয়া গেছে। গত রোববার যেই বোমার বিস্ফোরণে তিনি আহত হন, সেই একই রকম উপকরণ মিলেছে তাঁর ঘরে। এর মধ্যে রয়েছে বিস্ফোরক, স্প্লিন্টার হিসেবে ব্যবহারের পেরেক, বাংলায় লেখা বোমা বানানোর নির্দেশনাবলি (ম্যানুয়াল), তার, ব্যাটারিসহ বৈদ্যুতিক সরঞ্জামাদি জোড়া দেওয়ার কিছু উপকরণ।
ছানোয়ার হোসেন বলেন, খুব সহজলভ্য কিছু উপকরণ দিয়ে বোমা বানানোর কথা ওই ম্যানুয়ালে লেখা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য উপকরণ ম্যাচের কাঠি ও পেরেক। তিনি বলেন, তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া কাগজ ও বোমা বানানোর ধরন দেখে মনে হয়েছে, তিনি কোনো জঙ্গি দলের সঙ্গে যুক্ত। তবে আনোয়ারকে জিজ্ঞাসাবাদ করতে না পারায় বিষয়টি এখনো পরিষ্কার নয়।
আনোয়ারের প্রতিবেশী রাজু চন্দ্র মণ্ডল প্রথম আলোকে বলেন, আনোয়ার আনারকলি মার্কেটে খেলনার ব্যবসা করেন বলে তাঁরা শুনেছেন। এর চেয়ে বেশি কিছু তাঁরা জানেন না।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আনোয়ার হোসেন এখনো ভালো করে কথা বলতে পারছেন না। তাঁর দুই ঊরুর মাংস খুবলে উড়ে গেছে, বুক ও হাতে জখম রয়েছে, একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।
আনোয়ার হোসেনের মা পারভীন বেগম প্রথম আলো ডটকমকে বলেন, তাঁর ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তবে তিনি এক বছর ধরে তাঁর ছেলের সঙ্গে থাকেন না। তিনি বিস্তারিত কিছু জানেন না। আনোয়ারের কিছু হলে সন্তানদের কী হবে, এ কথা বলে বিলাপ করতে শোনা যায় স্বজনদের। জিজ্ঞাসাবাদের জন্য আনোয়ারের স্ত্রী জেসমিনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে স্বজনেরা জানান।
ডিবি কর্মকর্তারা জানান, আনোয়ারের বহনকৃত বোমাগুলো শক্তিশালী আইইডি (ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস)। পাইপের ভেতরে বোমার উপকরণগুলো বসিয়ে কালো স্কচটেপ দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। এগুলো হাতে তৈরি বেশ শক্তিশালী বোমা।