আনোয়ার, আমান ও মিন্টুর নিম্ন আদালতে আত্মসমর্পণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন। তাঁদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে।
আজ রোববার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সশরীরে হাজির হয়ে তাঁরা জামিনের আবেদন করেন। এ নিয়ে বেলা আড়াইটার দিকে শুনানির সময় নির্ধারণ করেছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, বিএনপি নেতা আমানউল্লাহ আমান ৭০ মামলায়, এম কে আনোয়ার ১০ মামলায় এবং আবদুল আউয়াল মিন্টু এক মামলায় আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন।
বিএনপির এই তিন নেতা হরতাল-অবরোধে নাশকতার ৫২ মামলায় হাইকোর্টে আগাম জামিন পেয়েছিলেন। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ গত ২৭ জুলাই জামিন বাতিল করে এক সপ্তাহের মধ্যে তাঁদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।