কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীকে দল থেকে বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে।গত রোববার বিকেলে জেলা পরিষদের সমেঞ্চলনকক্ষে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এ-সংক্রান্ত সুপারিশ কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়।দলীয় সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি দেওয়াসহ বেশ কিছু কারণে আনোয়ার আলীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। এ পরিপ্রেক্ষিতে রোববারের কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর বহিষ্কারের সুপারিশপত্রে ৩৪ জন সদস্য স্বাক্ষর করেন। এ -সংক্রান্ত রেজ্যুলেশন দলের কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আনোয়ার আলীকে বহিষ্কারের জন্য সুপারিশ করে কেন্দ্রে পাঠানো হয়েছে।জানতে চাইলে আনোয়ার আলী বলেন, দলের গঠনতন্ত্রে কাউকে দল থেকে বহিষ্কার করার আগে তাকে লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর বিধান রয়েছে। সেটা করা হয়নি। এ ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করা হয়েছে।ওই সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার জুলফিকার আলী। সভা পরিচালন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল হামিদ রায়হান, রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক চৌধুরী মোরশেদ, স্বপন কুমার ঘোষ, বায়েজীদ আক্কাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান প্রমুখ।