আনোয়ারা-চট্টগ্রাম পথে সেতু সংস্কারের কাজ শুরু, যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-আনোয়ারা সড়কের আনোয়ারায় ঝুঁকিপূর্ণ বেইলি সেতুটি সংস্কারের জন্য খুলে ফেলা হচ্ছে। গতকাল সোমবার সকালে এটি খোলা শুরু করায় আনোয়ারা সদরের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) জানায়, চার মাস আগে থেকেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়া সেতুটি খুলে ফেলা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই সড়কের দুই কিলোমিটার অংশ ও তিনটি সেতু দেবে যায়। এতে ঝুঁকি নিয়ে যান চলাচল করে। গতকাল সকালে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বেইলি সেতুটি সংস্কারের জন্য খোলার কাজে হাত দেওয়া হয়।হঠাৎ সেতুটি খুলে ফেলায় আনোয়ারার সঙ্গে চট্টগ্রাম শহরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন আনোয়ারা ও চন্দনাইশের যাত্রীরা। চন্দনাইশের বাইনজুরি গ্রামের ষাটোর্ধ্ব আবদুল্লাহ খান বলেন, ‘শুনলাম, সেতুটি খোলা হচ্ছে। তবে খুশি লাগছে সেতুটি সংস্কার হচ্ছে এই ভেবে।’ পিএবি যানবাহন মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন চৌধুরী বলেন, ‘বড় ভয়ে ছিলাম, কখন দুর্ঘটনা ঘটে।’ সওজের নির্বাহী প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম বলেন, ‘আপাতত ঝুঁকিপূর্ণ সেতুটি খুলে মেরামতের কাজে হাত দিয়েছি। এক সপ্তাহের মধ্যে এটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।’