আনোয়ারার ১৫ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
চট্টগ্রামের আনোয়ারার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই। এতে এসব বিদ্যালয়ে প্রশাসনিক কাজসহ বিভিন্ন কাজে সমস্যা হচ্ছে।
আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলার ৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বর্তমানে ১৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। বিদ্যালয়গুলো হলো পূর্ব বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম বরৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরুমচড়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরুমচড়া নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর জুঁইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ জুঁইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বারখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৈখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুনিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুজরা-তিশরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনোয়ারা সরস্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর সরেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাসখামা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বারখাইন পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, ‘প্রধান শিক্ষক না থাকায় কষ্ট হচ্ছে। বিভিন্ন কাজে দৌড়াতে দৌড়াতে সময় চলে যাচ্ছে। এতে নিয়মিত কাজের সমস্যা হচ্ছে।’
জানতে চাইলে আনোয়ারা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মোহামঞ্চদ আলমগীর প্রথম আলোকে বলেন, সরকার যখনই শিক্ষক নিয়োগ দেবে, তখন শূন্য পদগুলো পূরণ করা হবে।