আনোয়ারার ২০ গ্রামে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় গতকাল বৃহস্পতিবার অস্বাভাবিক জোয়ারে পানি বৃদ্ধি পাওয়ায় দুই উপকূলীয় ইউনিয়নের আটটি গ্রামসহ উপজেলার ২০ গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।এতে করে অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে ভেসে গেছে পাঁচ কিলোমিটারের বেশি বেড়িবাঁধ।স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার অস্বাভাবিক জোয়ারের পানিতে ভেসে গেছে রায়পুর ইউনিয়নের ঘাটকুল ও বার আউলিয়া এলাকার পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ। একই ইউনিয়নের ছিপাতলী ঘাট, পূর্ব গহিরা, দক্ষিণ সরেঙ্গা, জুঁইদণ্ডী ইউনিয়নের সাপমারা খালের মুখ, পূর্ব জুঁইদণ্ডী ও গোদারগোড়ায় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে জোয়ারের পানি ওঠানামা করছে। পানিতে ভেসে গেছে জুঁইদণ্ডীর তিনটি মাছের ঘের। এ ছাড়া শঙ্খের ভাঙনকবলিত বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ, ফেরিঘাট ও বারখাইন এলাকা দিয়ে জোয়ারের পানি প্রবেশ করছে। এদিকে নিম্নাঞ্চল হওয়ায় প্লাবিত হচ্ছে উপজেলার পরৈকোড়া, হাইলধর ও আনোয়ারার আরও আটটি গ্রাম।রায়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইছমাইল বলেন, ‘আমাদের গ্রামে গত তিন দিন ধরে জোয়ারের পানি বাড়ায় রান্নাবান্না কিছুই হচ্ছে না।’