আনোয়ারায় এক বাজারে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে গতকাল বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান চালিয়েছেন। এ সময় ১২টি সবজির ও মাছের দোকান উচ্ছেদ করা হয়। এ ছাড়া একটি বাস আটক ও চার হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। আনোয়ারা উপজেলা ও থানা প্রশাসনের যৌথ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শাহেদ চৌধুরী।সূত্র জানায়, অভিযানকালে আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব মিল্কী একটি বাসকে (নং চট্ট-মেট্রো-চ-১৮২) থামার সংকেত দেন। কিন্তু বাসচালক তা অমান্য করে চলে যেতে চাইলে বাসের ধাক্কায় মাহবুব আহত হন। পরে পুলিশ ধাওয়া করলে চালক বাস ফেলে পালিয়ে যান। বাসটি আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত বাসটির বিরুদ্ধে নিয়মিত মামলা করেন।আবু শাহেদ চৌধুরী জানান, চাতরী চৌমুহনী বাজারের যেখানে-সেখানে সবজির দোকান বসিয়ে এবং যানবাহন দাঁড় করিয়ে রাখায় সেখানে যানজট সৃষ্টি হয়। বাজারের মধ্য দিয়ে যানবাহন চলাচল সুশৃঙ্খল রাখতে এভাবে নিয়মিত অভিযান চলবে।