আনোয়ারায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দও শোনা গেছে। আহত ব্যক্তিরা হলেন মো. শামসুদ্দীন (২৪), জিয়াউদ্দিন (২৭), মো. তৈয়ব (৩২), লিটন নাথ (২৬), ছৈয়দ নুর (৩৪), মো. হাসান (২৭), মো. হাশেম (৩২), মুজাহিদুল হক (২৮), সেলিম (৪২), মোজাম্মেল (৩২) ও আরিফ মঈনুদ্দীন (৩০)। আহত ব্যক্তিদের অনেকের গায়ে ছররা গুলি লাগে। এঁদের মধ্যে প্রথম চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মোহাম্মদ জামাল বলেন, আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্রে গুলিবিদ্ধ পাঁচ যুবক ভর্তি হন। তাঁদের চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আনোয়ারা কলেজ ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগ একটি মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের গণি মার্কেটের সামনে এলে আনোয়ারা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আইয়ুব খানের নেতৃত্বে ছাত্রলীগের আরেকটি পক্ষের নেতা-কর্মীরা মিছিল লক্ষ্য করে গুলিবর্ষণ করে। তাঁরা প্রতিপক্ষকে লক্ষ্য করে সাত থেকে আটটি গুলি ছোড়েন। তাঁরা মিছিলে ইটপাটকেলও ছোড়েন। মিছিলটিও ছত্রভঙ্গ হয়ে যায়। কিন্তু পরক্ষণে তাঁরা আবার সংগঠিত হয়ে আনোয়ারা কলেজ ফটকে বিক্ষোভ করেন এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন। আনোয়ারা কলেজ ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম অভিযোগ করেন, ‘আনোয়ারা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আইয়ুব খানের নেতৃত্বে হেলাল উদ্দিন, টিপু, আব্বাসসহ আরও কয়েকজন আমাদের মিছিলে অতর্কিত হামলা চালান। তাঁরা মিছিলে আট রাউন্ড গুলিবর্ষণ করেন।’ তবে আইয়ুব খান বলেন, ‘মিছিল থেকে আমাদের ওপর আগে হামলা করা হয়। এরপরই এ পরিস্থিতির সৃষ্টি হয়। তাঁরা গায়ে পড়ে ঘটনা ঘটাতে চান।’ এর আগে গত শনিবার রাতে চাতরি ইউনিয়নের একটি ওয়ার্ডে ছাত্রলীগের সম্মেলনে গুলি করেন আইয়ুব খানের অনুসারীরা। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হন। তাঁরা হলেন মুজিবুর রহমান (৩৭) ও মো. আলী (৩৬)। আইয়ুব খান এ ঘটনার সত্যতা স্বীকার করেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘গোলাগুলির খবর শুনে আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।’ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান থানার ওসি।