আনোয়ারায় জমি নিয়ে বিরোধে অটোরিকশার চালক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচরের বানুর বাপের বাড়িতে গত বুধবার জমি নিয়ে বিরোধে সিএনজিচালিত অটোরিকশার একজন চালক খুন হয়েছেন।মো. কায়সার (৩০) কালা মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভরাচরে তাঁর লাশ দাফন করা হয়।মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, ভরাচরের বানুর বাপের বাড়িতে বুধবার সকালে ভিটাবাড়ির সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের বিরোধ বাধে। এ নিয়ে বাগিবতণ্ডা চলাকালে কায়সারের পেটে ছুরি ঢুকিয়ে দেন প্রতিবেশী হাসান। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে কায়সারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কায়সারের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনার পরপর হাসান পালিয়ে যান। পুলিশ তাঁর বাবা পেঁচু মিয়া, চাচাতো ভাই আবদুল গফুর ও ভাবি নাসিমাকে গ্রেপ্তার করেছে।আনোয়ারা থানার ওসি মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, কায়সারের মৃত্যুর ঘটনায় তাঁর ভাই মোহাম্মদ বাবু হত্যা মামলা করেছেন। হাসানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।