আনোয়ারায় জমে উঠেছে হাসিলবিহীন পশুর হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যান্য হাটের মতো চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এর্শাদ আলী সরকারের হাটেও (সরকার হাট) জমে উঠেছে গরু-ছাগলের বেচাকেনা। তবে অন্য হাটগুলোর মতো এখানে বিক্রেতাদের হাট কর্তৃপক্ষকে খাজনা দিতে হচ্ছে না। নেই চাঁদাবাজদের উৎপাত। পিএবি সড়কের পাশে হাট বসায় যাতায়াত ব্যবস্থাও ভালো। তাই কোরবানির পশু কেনাবেচার জন্য দক্ষিণ চট্টগ্রামবাসীর ভরসাস্থলে পরিণত হয়েছে আনোয়ারার সরকার হাট। সূত্র জানায়, আনোয়ারা উপজেলার এর্শাদ আলী সরকারের হাটে কোনো ধরনের ইজারা বা টোল আদায়ের ব্যবস্থা না থাকায় অনেকেই পশু বেচাকেনার জন্য এটিকে বেছে নিচ্ছেন। প্রতি শুক্র ও সোমবার বসে এ এলাকার বৃহৎ এই হাট। অন্যান্য নিত্যপণ্যের পাশাপাশি গরু ও মহিষও এখানে সারা বছর কেনাবেচা হয়। তবে ঈদুল আজহা উপলক্ষে বর্তমানে এটি জমে উঠেছে। স্থানীয় লোকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সেতুসংলগ্ন পিএবি সড়কে (পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়ক) অবস্থিত এর্শাদ আলী সরকারের হাট আনোয়ারার প্রখ্যাত জমিদার এর্শাদ আলী সরকারের নামে নামকরণ করা হয়। এ হাটে কোনো ধরনের টোল (হাসিল) আদায়ের রেকর্ড নেই। এর্শাদ আলী সরকারের ওয়াক্ফ এস্টেট এ হাট পরিচালনা করে বলে এখানে কোনো টোল আদায় হয় না। কোরবানির পশুর হাটেও টোল আদায় হচ্ছে না। পশু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাটে মাইক ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলো সরবরাহ ও স্বেচ্ছাসেবকদের খরচ মেটানোর জন্য পরিচালনা কর্তৃপক্ষ ৫০ থেকে ১০০ টাকা নেয়। তবে ইজারা না থাকায় কেউ তাতে অসন্তুষ্ট নয়।গত সোমবার পশুর হাটে বিক্রেতা ছৈয়দ নুর প্রথম আলোকে জানান, এখানে দালালদের কোনো উৎপাত নেই, আমাদের কোনো ঝামেলা হচ্ছে না। পশুবিক্রেতা আবদুস সালাম বলেন, সারা দেশের অনেক জায়গায় আমি পশু বেচাকেনা করেছি কিন্তু এ রকম হাট আর দেখিনি।