আনোয়ারায় ডাকাত সন্দেহে গণপিটুনি একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গত রোববার আওয়ামী লীগের নেতা ও এক মুক্তিযোদ্ধার বাড়িসহ সাত বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতের গুলি ও মারধরে আটজন আহত হয়েছেন। এ ছাড়া ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছে।পুলিশ জানায়, রোববার রাতে এক দল ডাকাত উপজেলার বটতলী গ্রামের নুরপাড়ায় বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ, মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, এয়ার মোহাম্মদ, আবদুল হাকিম, সৈয়দ নুর ও আবদুল কাদেরের বাড়িতে হানা দেয়। তারা ৩৮ ভরি স্বর্ণালংকার, এক লাখ ২০ হাজার টাকা, ১৫টি মুঠোফোনসহ কমপক্ষে ১৭ লাখ টাকার মালামাল লুট করে। ডাকাতেরা গোলাম মোহাম্মদের বাড়ি থেকে একটি লাইসেন্স করা বন্দুকও নিয়ে যায়। ডাকাতেরা কাউসার হাকিম, কামরুন নাহার ও সোহেলকে মারধর করে। এ ছাড়া ডাকাতদের এলোপাতাড়ি গুলিতে আনোয়ার হোসেন, আবু তাহের, শামসুন নুর, মোহাম্মদ নুর ও ছৈয়দ নুর গুলিবিদ্ধ হন। পরে ডাকাত সন্দেহে এলাকাবাসী কামাল উদ্দিন (২৮) নামের একজনকে গণপিটুনি দেয়। পরে কামালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।