আনোয়ারায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৫, অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গতকাল শুক্রবার নির্বাচন-পরবর্তী সহিংসতায় পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি দেশি বন্দুক উদ্ধার এবং আটজনকে আটক করে।থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার আনোয়ারার বৈরাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত চেয়ারম্যান নওয়াব আলী চৌধুরীর সমর্থক সুলতানুজ্জামান চৌধুরীর ওপর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকবাল হায়দার চৌধুরীর নেতৃত্বে হামলা চালানো হয়। এ সময় নওয়াবের পক্ষের লোকজন পাল্টা প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর চৌধুরী, মো.সালেক ও মহিউদ্দিন জাহাঙ্গীর আহত হন।পুলিশ ইকবালের পক্ষের আটজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন: মোজাফফর আহমদ (৭০), আলমগীর (৩৬), শিহাব (১৮), তামিম (২২), আবুল কালাম (৫০), জেবল হোসেন (২০), পটিয়ার আজিজ (২০) ও বাঁশখালীর লুৎফর রহমান (১৯)। তাঁদের কাছ থেকে একটি দেশি বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। চেয়ারম্যান নওয়াব আলী অভিযোগ করেন, তাঁর সমর্থকদের ওপর হামলার উদ্দেশ্যে বহিরাগত সন্ত্রাসী জড়ো করে প্রতিপক্ষ। পুলিশ ও জনতা তাঁদের রুখে দিয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুচ সামাদ জানান, এ ঘটনায় আনোয়ারা থানায় দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।