আনোয়ারায় পুলিশ ও চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে গুলিবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তাঁর সমর্থকদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গত সোমবার মধ্যরাতের পর এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: আশিকুর রহমান (২৩), রাসেল চৌধুরী (২১), তৌফিক ইউনুছ (৩২), মো. আরমান (৩৪) ও আনিসুর রহমান (২৮)। তাঁরা সবাই চেয়ারম্যান হাসান চৌধুরীর আত্মীয় বলে জানা গেছে।স্থানীয় সূত্র জানায়, জায়গাজমি নিয়ে বিরোধের জের ধরে দেলোয়ার হোসেন (৬০) নামের এক ব্যক্তি সোমবার আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার পর স্থানীয় বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান চৌধুরী তাঁকে বাড়িতে ডেকে নিয়ে মারধর করেন। এদিকে হামলার ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাফ্ফর আহমদ প্রতিবাদ জানান। এরপর ৩০-৪০ জন লোক রাতে মোজাফ্ফর আহমদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। মোজাফ্ফর আহমদের অভিযোগ, ইউপি চেয়ারম্যান হাসান চৌধুরীর লোকজন তাঁর বাড়িতে হামলা ও লুটপাট চালায়। এ ঘটনায় তিনি হাসান চৌধুরীকে প্রধান আসামি করে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা করেন। একই সময় দেলোয়ার হোসেনের ছেলে মো. আবুল বশর বাদী হয়ে হাসান চৌধুরীর বিরুদ্ধে আরেকটি মামলা করেন।মামলা দুটি হওয়ার পর সোমবার দিবাগত রাত দুইটায় আনোয়ারা থানার পুলিশ হাসান চৌধুরী ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করতে অভিযানে বের হয়। পুলিশ দেখে হাসান চৌধুরীর সহযোগীরা ডাকাত ডাকাত বলে চিৎকার করে পুলিশকে প্রতিরোধ করার চেষ্টা করেন। তখন পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে উভয় পক্ষ অন্তত ১৫টি গুলি বিনিময় করে। পুলিশ বলেছে, তারা সন্ত্রাসীদের লক্ষ্য করে ছয়টি গুলি ছোড়ে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, ‘হাসান চেয়ারম্যান (হাসান চৌধুরী) একজন চোরাকারবারি। এই চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। আমরা তাঁকে আটকের চেষ্টা করছি।’ রাতের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলিশের উপস্থিতি টের পেয়ে হাসান চেয়ারম্যানের বাড়ির সামনে তাঁর সমর্থকেরা ডাকাত ডাকাত বলে চিৎকার করেন। তাঁরা আমাদের লক্ষ্য করে গুলি ছুড়লে আমরাও ছয়টি গুলি করি।’ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাফ্ফর আহমদ বলেন, ‘স্থানীয় চেয়ারম্যান ও তাঁর বাহিনী দেলোয়ারকে বেদম প্রহার করে ও পরে আমার বাড়িতে হামলা চালায়। আমি এই জঘন্যতম হামলার বিচার চাই।’তবে চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন, দেলোয়ার একজন গরুচোর। তাকে এ জন্য মারধর করা হয়েছে। রাতে পুলিশ দেখে ডাকাত বলে চিৎকার এবং পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা অস্বীকার করেন তিনি।