আনোয়ারায় বরফ কারখানার বয়লার বিস্ফোরণে আহত ১০
চট্টগ্রামের আনোয়ারার রায়পুরের পূর্ব গহিরায় একটি বরফ কারখানার বয়লার বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছে।গত রোববার রাত সাড়ে ১১টার সময় এ ঘটনা ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার রাত সাড়ে ১১টার সময় রায়পুরের পূর্ব গহিরার মো. ইদ্রিসসহ কয়েকজনের যৌথ মালিকানাধীন একটি বরফ কারখানার বয়লার বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলের কাছাকাছি থাকা আমির হোসেন (১৮), শাহাদত হোসেন (১৮) আবদুল মান্নান (১৯), শাহ আলম (৩২), কামালসহ (৩৫) অন্তত ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলেই আমির হোসেনের একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে পড়ে।স্থানীয় আবদুল জব্বার বলেন, বয়লার বিস্ফোরণে বর্তমানে পুরো এলাকা দূষিত হয়ে পড়েছে। এলাকার লোকজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে।এ ব্যাপারে রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছাবের ইবনে মাহবুব প্রথম আলোকে বলেন, বয়লার বিস্ফোরণে অন্তত ১০ ব্যক্তি আহত ও অসুস্থ হয়ে পড়েছেন।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ রায়পুরের বয়লার বিস্ফোরণের ঘটনা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।