আনোয়ারায় বস্ত্রকলে অগ্নিকাণ্ড
চট্টগ্রামের আনোয়ারা সদরে সাদ-মুছা শিল্প পার্কের একটি বস্ত্রকলে অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাপড় ও সুতা পুড়ে গেছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, আগুনে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
কারখানা সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে সায়মা সামিরা টেক্সটাইল মিলস লিমিটেড নামের কারখানার একটি ইউনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নগরের তিনটি ও পটিয়া স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানা সূত্র জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় শিল্প পার্কের ছয়টি ইউনিটের প্রায় আট হাজার শ্রমিকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে আসেন। আনোয়ারা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান ও আনোয়ারা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কারখানার কর্মী মো. ইউসুফ বলেন, হঠাৎ শব্দ হয়ে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। এরপর আগুন ছড়িয়ে পড়ে।
কারখানার উপমহাব্যবস্থাপক (টেক্সটাইল) কৌশিক চক্রবর্ত্তী প্রথম আলোকে বলেন, আগুনে কারখানার ৩০ লাখ মিটার কাপড় ও ২৪ টন সুতা পুড়ে গেছে। এ ছাড়া যন্ত্রপাতিসহ বিভিন্ন মালামালও পুড়ে গেছে। এতে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের পটিয়া স্টেশনের টিম লিডার নুর ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।