আনোয়ারায় বিএনপি-সমর্থিত প্রার্থীর নির্বাচন বর্জন
ভোটকেন্দ্র দখলের অভিযোগ এনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী জালাল উদ্দিন আহমেদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ রোববার বেলা আড়াইটায় তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে জালাল উদ্দিন আহমেদ বলেন, দুপুর ১২টার মধ্যে ৬৬টি কেন্দ্রের মধ্যে ২৭টি পুরোপুরি দখল করে নিয়েছে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী তৌহিদুল হক চৌধুরীর লোকজন। এসব কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেওয়া অভিযোগ পাওয়া গেছে। এ জন্য নির্বাচন স্থগিত করে পুনর্নির্বাচনের দাবি করেন তিনি।
আনোয়ারার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন আমাদের এই প্রতিনিধি। এ সময় তিনি আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী তৌহিদুল হক চৌধুরীর সমর্থিত লোকজনকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করতে দেখেন। কয়েকটি কেন্দ্রে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
|উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ ফরিদ আহমদ প্রথম আলোকে বলেন, ‘যেসব কেন্দ্রে অসুবিধার খবর পেয়েছি, সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন চলাকালে বর্জন করার আইনগত কোনো ভিত্তি নেই।’ বিএনপি-সমর্থিত প্রার্থী তাঁর কাছে কোনো লিখিত অভিযোগ করেনি বলেও তিনি জানান।